ভারতের আসামে বিষাক্ত দেশি মদ পান করে ৯ নারীসহ ৮৪ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া সবাই চা-বাগানকর্মী।
এ ঘটনায় অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন আরও দুই শতাধিক মানুষ।
ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।
গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও অনেক কর্মীকে বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু।
স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, ওই বিষাক্ত মদ পান করার পরেই অসুস্থ হয়ে পড়েন তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষ মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে ঘটল এই ঘটনা।