মেলা থেকেঃ সাড়ে ৩ হাজার টাকার কিস্তিতে রিজেন্ট এয়ারওয়েজে ব্যাংকক ভ্রমণ!
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শুরু হয়েছে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’। গত বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে পাঁচতারকা হোটেলটির বলরুমে ফিতা কেটে এর উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। ভ্রমণবিষয়ক পাক্ষিক দি বাংলাদেশ মনিটর ষোড়শবারের মতো মেলাটি আয়োজন করেছে।
মাত্র সাড়ে ৩ হাজার টাকার ৬ কিস্তিতে ব্যাংককে ২ রাত ৩ দিন থাকার সুযোগ দিচ্ছে রিজেন্ট এয়ারওয়েজ। নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্টে এ ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে এয়ারলাইন্সটি।
এবারের মেলায় টিকিটে সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ের অফার থাকলেও আকর্ষণীয় অফার হচ্ছে ব্যাংকক, সিঙ্গাপুর ও কুয়ালালামপুর ভ্রমণ প্যাকেজ।
সিঙ্গাপুরে ৫,৩১৭ টাকার ৬ কিস্তিতে ২ রাত ৩ দিন থাকার সুবিধা রয়েছে। সিঙ্গাপুরের প্যাকেজের একজন গ্রাহককে মোট ৩১,৯০২ টাকা পরিশোধ করতে হবে। কুয়ালালামপুরের অফারটি নিতে পারবেন ৬ কিস্তিতে ৪,২১৭ টাকায়। মোট পরিশোধ করতে হবে ২৫,৩০২ টাকা। ব্যাংককের অফারটি রয়েছে মাত্র ৩,৫৩৪ টাকায়। যার মোট মূল্য ২১,১৯৬ টাকা।
বাংলাদেশ ও নেপাল ছাড়াও মেলায় থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার জাতীয় পর্যটন সংস্থাগুলো অংশ নিচ্ছে। স্বাগতিক বাংলাদেশসহ সাতটি দেশের ৪১টি প্রতিষ্ঠান ও সংস্থা পাঁচটি প্যাভিলিয়ন ও ৭০টি স্টলে নিজেদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
আজ ২৩ মার্চ শেষ হচ্ছে মেলা, সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে মেলা। প্রবেশমূল্য জনপ্রতি ৩০ টাকা। সমাপনী দিনে সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র্যাফেল ড্র। বিজয়ীদের জন্য রয়েছে দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে থাকা, লাঞ্চ ও ডিনার কূপনসহ বিভিন্ন পুরস্কার। প্রতিদিন সন্ধ্যায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন দেশি-বিদেশি শিল্পীরা।