পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার : বিমান প্রতিমন্ত্রী

পর্যটকদের নিরাপত্তা দিতে প্রতিজ্ঞাবদ্ধ সরকার : বিমান প্রতিমন্ত্রী।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, সরকার সকল পর্যটকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিজ্ঞাবদ্ধ। পর্যটকরা যাতে বাংলাদেশে নিরাপদে ভ্রমণ এবং এর সৌন্দর্য নিশ্চিন্তে উপভোগ করতে পারেন, তার জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার।

সোমবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত বিদেশি সাংবাদিক ও ট্যুর অপারেটর পরিচিতিমূলক ভ্রমণ- এর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বহির্বিশ্বে বাংলাদেশের পর্যটনের প্রসারের লক্ষ্যে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, যুক্তরাজ্য, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও লেবানন- এই ১০ দেশের ২৬ জন সাংবাদিক ও ট্যুর অপারেটরকে আমন্ত্রণ জানানো হয়। দেশের বিভিন্ন পর্যটন গন্তব্য, ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী স্থান ও অনুষ্ঠান ঘুরিয়ে দেখানোর জন্য এ পরিচিতিমূলক ভ্রমণের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটন খাতে বিনিয়োগ এবং কর্ম সৃষ্টির জন্য উদ্ভাবনী কর্মকৌশল ও পরিকল্পনাসহ বেসরকারি খাতকে এগিয়ে আসার জন্য আমরা উৎসাহ প্রদান করছি।

তিনি বলেন, সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পর্যটন সম্প্রসারণের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে ‘মোটর ভেহিকেল চুক্তি’ সম্পাদিত হয়েছে। এছাড়াও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের সাবরাংয়ে ১ হাজার ২০০ একর জমির উপর নিবিড় পর্যটন অঞ্চল তৈরির কাজ চলছে। এ পর্যটন অঞ্চলে দেশি-বিদেশি সকল বিনিয়োগকারীকে স্বাগত জানানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের পরিচিতিমূলক ভ্রমণের ফলে বিদেশি সাংবাদিক ও ট্যুর অপারেটরদের সঙ্গে আমাদের দেশীয় সাংবাদিক ও ট্যুর অপারেটরদের পরিকল্পনা এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। এগুলো আমাদের পর্যটন খাতের উন্নয়ন ও প্রসারে সহায়ক হবে। ভ্রমণে অংশ নেয়া বিদেশি সাংবাদিক ও ট্যুর অপারেটরদের দেশে ফিরে আমাদের পর্যটনের প্রসারের লক্ষ্যে তাদের অভিজ্ঞতা নিয়ে গণমাধ্যমে দেশের পর্যটনের উপর প্রতিবেদন, ফিচার ও ডকুমেন্টারি তৈরির জন্য প্রতিমন্ত্রী আহ্বান জানান।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর ভুবন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির, ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু তাহের মোহাম্মদ জাবের, ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পুলিশ সুপার সরদার নুরুল আমিন এবং বিদেশ থেকে অংশ নেয়া সাংবাদিক ও ট্যুর অপারেটররা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.