শ্রীলংকায় ঢুকেছে বিস্ফোরকবাহী যান

শ্রীলংকায় ঢুকেছে বিস্ফোরকবাহী যান।

শ্রীলংকার রাজধানী কলম্বোয় জঙ্গিদের বিস্ফোরকবাহী বেশ কয়েকটি যানবাহন প্রবেশ করেছে বলে দেশটির নিরাপত্তা বাহিনীকে সতর্ক করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার রাতের এ সতর্কবার্তার পরপরই কলম্বোর গির্জা, মসজিদ, বড় মার্কেট ও সিনেমা হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

দেশটিতে ফের হামলার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ও ভারতও। রোববারের হামলার দুই ঘণ্টা আগেও শ্রীলংকাকে সতর্ক করেছিল নয়াদিল্লি। তবে দেশটির গোয়েন্দা সংস্থা তা আমলে নেয়নি।

এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানায়নি। এক্ষেত্রে ব্যর্থতার দায়ে শ্রীলংকা পুলিশের প্রধান ও দেশটির প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। এছাড়া শ্রীলংকার পুলিশ, তিন বাহিনী এবং নিরাপত্তা বাহিনীতে এক সপ্তাহের মধ্যে বড় ধরনের রদবদল আনা হবে।

একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর সব প্রধানকে পরিবর্তন করা হবে। স্থানীয় সময় মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

এদিকে গির্জা ও বিলাসবহুল হোটেলে ভয়াবহ হামলায় ন্যাশনাল তৌহিদ জামায়াতের (এনটিজে) ৯ আত্মঘাতী জঙ্গি অংশ নিয়েছিল বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এর মধ্যে একজন নারী ছিল। হামলাকারীদের সবাই ছিল সচ্ছল পরিবারের। তারা পড়াশোনা করেছে অস্ট্রেলিয়া-ব্রিটেনের বিশ্ববিদ্যালয়ে। হামলার ঘটনায় বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩৫৯ জনে। খবর রয়াটার্স, বিবিসি, এএফপি, পিটিআইসহ বিভিন্ন সংবদমাধ্যমের।

খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী এনটিজের প্রতিষ্ঠাতা জাহরান হাশিম ওরফে আবু উবাইদার শ্যালক নৌফার মৌলভি সম্প্রতি কাতার থেকে শ্রীলংকায় ফিরে সংগঠনটির দায়িত্ব গ্রহণ করেছে।

দেশটিতে আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে সে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বলেছে, রাজধানী কলম্বোয় বিস্ফোরকবাহী একটি ভ্যান, একটি লরি এবং বেশ কয়েকটি মোটরসাইকেল প্রবেশ করেছে। এজন্য নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

পুলিশের মুখপাত্র এসপি রুয়ান গুনাসেকারার বরাত দিয়ে খবরে বলা হয়, সকালে কলম্বো হারবারের ডিরেক্টর অব সিকিউরিটি চিঠি পাঠিয়ে দেশটির সব পুলিশ স্টেশন এবং সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদার করতে বলেছে।

এতে আরও বলা হয়, যে যানবাহনগুলোয় বিস্ফোরক আছে বলে মনে করা হচ্ছে, সেগুলোর নম্বর প্লেট পুলিশকে দিয়েছে গোয়েন্দা সংস্থা। যানবাহনগুলো খুঁজতে অভিযান শুরু করে দিয়েছে কলম্বো হারবারের পুলিশ।

শ্রীলংকা পুলিশ জানিয়েছে, বুধবার কলম্বোর জনপ্রিয় স্যাভয় সিনেমা হলের কাছে একটি সন্দেহজনক মোটরসাইকেল দেখতে পায় তারা। যেটির কোনো চালক ছিল না। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এটিতে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটায়।

তবে মোটরসাইকেলটিতে কোনো রকম বিস্ফোরক ছিল না। পরে পুলিশের পক্ষ থেকে মোটরবাইক চালকদের উদ্দেশে ঘোষণা দেয়া হয়, কোথাও মোটরসাইকেল রেখে যাওয়ার আগে তাতে নিজের মোবাইল নম্বর সেঁটে দিতে হবে।

এদিকে বুধবার কলম্বোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আলাইনা টেপলিজ জানিয়েছেন, ইস্টার সানডের আত্মঘাতী বোমা হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে আগাম কোনো গোয়েন্দা তথ্য না থাকলেও শ্রীলংকায় আরও সন্ত্রাসী হামলার ষড়যন্ত্র হচ্ছে বলে বিশ্বাস তাদের। এর আগে মঙ্গলবার ভারতও এমন আশঙ্কার কথা জানিয়েছে।

হামলায় ৯ আত্মঘাতী, গ্রেফতার ৬০ : শ্রীলংকায় প্রাণঘাতী বোমা হামলায় ৯ আত্মঘাতী অংশ নিয়েছে এবং তাদের একজন নারী ছিল। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা প্রতিমন্ত্রী রাভন বিজয়বর্ধনে এ তথ্য জানান।

হামলাকারীদের মধ্যে আটজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শাংরি-লা হোটেলে আত্মঘাতী হামলা স্থানীয় কট্টরপন্থী ইসলামী গোষ্ঠীর নেতা চালিয়েছে বলে জানান বিজয়বর্ধনে।

তিনি আরও জানান, নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯ জনে দাঁড়িয়েছে এবং এদের মধ্যে ৩৯ জন বিদেশি। রোববারের ওই বোমা হামলায় জড়িত সন্দেহে এ পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ৩২ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ। এদিকে ভয়াবহ সিরিজ বোমা হামলার তিন দিন পর শ্রীলংকার রাজধানী কলম্বোয় নতুন করে বোমা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় বুধবার বিকালে কলম্বো থেকে একটি বোমা উদ্ধার করা হয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এ নিয়ে শহরে বোমাতঙ্ক তৈরি হয়েছে। এজন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি তল্লাশি শুরু করেছে পুলিশ।

পদত্যাগ করছেন পুলিশের আইজি : গির্জা এবং বিলাসবহুল হোটেলে প্রাণঘাতী জঙ্গি হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে শ্রীলংকা পুলিশের প্রধান ও দেশটির প্রতিরক্ষা সচিবকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

এর আগে দেশটির একজন সংসদ সদস্য হামলার সম্ভাব্য গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পরও উপযুক্ত ব্যবস্থা না নেয়ায় আইজিপি জয়সুন্দর ও প্রতিরক্ষা সেক্রেটারি হেমাসিরি ফার্নান্দোকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে প্রেসিডেন্টের কাছে চিঠি লেখেন।

বুধবার প্রেসিডেন্ট দফতরের ঘনিষ্ঠ দুটি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। হামলার ১০ দিন আগে দেশটির গোয়েন্দা বাহিনীর কর্মকর্তারা সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্ক করে প্রধানমন্ত্রীর দফতরে চিঠি পাঠান। কিন্তু সেই চিঠি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের নজরেই আনেননি দেশটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

হামলাকারীরা সচ্ছল পরিবারের : শ্রীলংকার প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, ইস্টার সানডের ভয়াবহ বোমা হামলার ঘটনায় জড়িতরা সচ্ছল পরিবারের শিক্ষিত সন্তান। এদের মধ্যে একজন অস্ট্রেলিয়া এবং ব্রিটেনে পড়াশোনা করেছে।

আইএসের কর্মকাণ্ড থেকে উৎসাহিত হয়ে এবং জঙ্গিদের অর্থায়নে এ হামলা চালানো হয়েছে বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারডেন।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারডেন বলেন, আমাদের ধারণা, আত্মঘাতী হামলাকারীদের একজন ব্রিটেনে লেখাপড়া করেছেন। পরে তিনি অস্ট্রেলিয়া থেকে স্নাতকোত্তর অর্জন করেন।

এরপরই শ্রীলংকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আত্মঘাতী হামলাকারীদের বেশির ভাগেরই বিভিন্ন দেশের সঙ্গে সম্পৃক্ততা ছিল, কেউ কেউ বিদেশে বসবাস করছিল বা সেখানে পড়াশোনা করেছে বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী রুয়ান উইজেওয়ারডেন।

আত্মঘাতী হামলাকারীদের ওই দলটির বেশির ভাগই শিক্ষিত এবং তারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের। তারা অর্থনৈতিকভাবে সচ্ছল এবং তাদের পারিবারিক অবস্থাও ভালো বলে ধারণা করা হচ্ছে।

এটি একটি চিন্তার বিষয় বলে উল্লেখ করেন রুয়ান উইজেওয়ারডেন। তিনি বলেন, আমার ধারণা, হামলাকারীদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন দেশে পড়াশোনা করেছে। তারা বিভিন্ন দেশ থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছেন, ডিগ্রিও অর্জন করেছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.