তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প

তুরস্কের কাছে এফ-৩৫ জঙ্গিবিমান বিক্রি না করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প।

রাশিয়া থেকে এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলু ও ডেইলি সাবাহর।

মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের এফ-৩৫ ও রাশিয়ার এস-৪০০ নিয়ে তুরস্কের পরিস্থিতি একটি জটিল পটভূমিতে রয়েছে। কিন্তু এই মতপার্থক্য সত্ত্বেও দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রয়েছে।

রাশিয়া থেকে এ শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে সাবেক প্রেসিডেন্ট ওবামা প্রশাসনকে দায়ী করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ওবামা প্রশাসন তুরস্ককে মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করতে অস্বীকৃতি জানানোর কারণে আঙ্কারা রাশিয়া থেকে এস-৪০০ কিনতে বাধ্য হয়েছে।

তবে রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গ্রহণ করলে এতদিন নিষেধাজ্ঞার হুমকি দিলেও মঙ্গলবার তুরস্কের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপের আভাস দেন নি ট্রাম্প।এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থা কেনার জন্য ২০১৭ সালের ডিসেম্বরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি সই করেন এরদোগান।

কিন্তু মার্কিন সরকার শুরু থেকেই এ চুক্তির তীব্র বিরোধিতা করে বলেছে, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হিসেবে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনা তুরস্কের উচিত হবে না।

এ হুশিয়ারি সত্ত্বেও আঙ্কারা মস্কোর কাছ থেকে এস-৪০০ সংগ্রহ করলে তুরস্কের ওপর তিন ধরনের নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। তবে গত সপ্তাহে তুরস্ক এস-৪০০ গ্রহণ করার পর সূর পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.