বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থে সাজিদ স্বরাষ্ট্রে প্রীতি

বরিস জনসনের মন্ত্রিসভায় অর্থে সাজিদ স্বরাষ্ট্রে প্রীতি।

যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে যাওয়ার পক্ষে অবস্থান নেয়া প্রভাবশালী কনজারভেটিভদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে মন্ত্রিসভা সাজিয়েছেন নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

তার ৩১ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন ৮ নারী; মে’র মন্ত্রিসভায় ব্রেক্সিট সমর্থক ছিলেন মাত্র ৬ জন, এবার এ সংখ্যা ১২। নতুন মন্ত্রিসভায় পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ সাভিদকে অর্থমন্ত্রী আর ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেলকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। খবর বিবিসি ও ডন।

এছাড়া ডমিনিক রাবকে মন্ত্রিসভায় ফিরিয়ে এনে দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। চ্যান্সেলর অব দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টারের পাশাপাশি ‘চুক্তি ছাড়াই’ ব্রেক্সিট সম্পাদনের পরিকল্পনা সামলাতে হবে মাইকেল গোভকে। বেন ওয়ালেস পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা ও সংস্কৃতিতে এসেছেন যথাক্রমে গেভিন উইলিয়ামসন ও নিকি মরগান। আন্দ্রিয়া লিডসমকে দেয়া হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাণিজ্যের দায়িত্ব গেছে লিজ টরুসের হাতে। কমন্সের লিডার করা হয়েছে টোরিদের ব্রেক্সিটপন্থী ইউরোপিয়ান রিসার্চ গ্রুপের (ইআরজি) নেতা জ্যাকব রিস মগকে।

মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক- প্রথম ভারতীয় বংশোদ্ভূত হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন প্রীতি প্যাটেল। যিনি তেরেসা মে সরকারে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক মন্ত্রীর দায়িত্বে ছিলেন। যদিও পরে তেরেসা মে’র ব্রেক্সিট নীতির বিরোধিতা করে পদত্যাগ করেন ৪৭ বছর বয়সী প্যাটেল।

তার জন্ম গ্রেটার লন্ডনের উত্তর-পূর্বের পৌরশহর হ্যারোওয়ে। তার বাবা-মা ভারতের গুজরাট থেকে প্রথমে উগান্ডায় যান। কিন্তু ষাটের দশকে প্রেসিডেন্ট ইদি আমিন এশীয়দের বহিষ্কারের ঘোষণা দিলে তারা যুক্তরাজ্যে আশ্রয় নেন।

অন্যদিকে অর্থনৈতিকভাবে উদারপন্থী পাকিস্তান বংশোদ্ভূত সাজিদ জাভিদ ২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষেই ভোট দিয়েছিলেন। তবে সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএসে যোগ দিতে যাওয়া এক কিশোরীর নাগরিকত্ব কেড়ে নিয়ে তিনি উদারপন্থীদের সমালোচনার শিকার হয়েছেন। ১৯৬০ সালের দিকে তার বাবা যখন প্রথম লন্ডনে আসেন, তখন তিনি সেখানে বাস চালাতেন।

মে’র মন্ত্রিসভার স্টিফেন বার্কলে, ম্যাট হ্যানকক ও অ্যাম্বার রুডকে আগের পদেই বহাল রাখা হয়েছে। জনসনের এ মন্ত্রিসভায় অভিজ্ঞদের প্রাধান্য দেখা গেলেও আনুপাতিক হারে নারীর সংখ্যা কম। মে’র ২৯ সদস্যের মন্ত্রিসভায় নারী ছিল ৩০ শতাংশ, জনসনেরটায় ২৬ শতাংশ। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার ১৭ জনের স্থান হয়নি।

নেতৃত্ব দৌড়ে জনসনের মূল প্রতিদ্বন্দ্বী জেরেমি হান্ট জানান, তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে অন্য দায়িত্ব দিতে চাইলেও তিনি রাজি হননি। তার পাশাপাশি শীর্ষ ব্রেক্সিটপন্থী হিসেবে পরিচিত পেনি মরডন্ট ও লিয়াম ফক্সকেও প্রতিরক্ষা ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

নতুন প্রধানমন্ত্রী হিসেবে দেয়া প্রথম ভাষণে জনসন ‘কোনো যদি কিন্তু ছাড়াই’ ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে চুক্তিতে উপনীত হতে তিনি চেষ্টা চালাবেন, না হলে অক্টোবরের শেষে যুক্তরাজ্য চুক্তি ছাড়াই ইইউ ছাড়ছে। বিরোধী লেবার পার্টির নেতারা বলছেন, জনসনের মন্ত্রিসভা যদি ‘চুক্তি ছাড়া’ ব্রেক্সিটের পথে অগ্রসর হয়, তাহলে তারাও যুক্তরাজ্যকে ইইউতে রাখতেই একাট্টা অবস্থান নেবেন।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেওন নতুন প্রধানমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে বলেছেন, ব্রেক্সিট নিয়ে স্কটল্যান্ডের আলাদা পরিকল্পনা আছে। স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা চালিয়ে যাবেন বলেও চিঠিতে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বরিস জনসনকে শেখ হাসিনার অভিনন্দন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ায় বরিস জনসনকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

বৃহস্পতিবার এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া উপলক্ষে আপনি আমার এবং বাংলাদেশ সরকার ও জনগণের আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আমরা ২০১৮ সালে আপনার সফরের কথা আন্তরিকভাবে স্মরণ করছি। আমরা সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নৃশংসতার জন্য মিয়ানমারকে জবাবদিহির সম্মুখীন করা এবং পূর্ণ মর্যাদা, অধিকার ও নিরাপত্তার সঙ্গে তাদের পৈতৃক ভূমিতে আশু ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিতে আপনার ব্যক্তিগত অঙ্গীকার ও যুক্তরাজ্যের বৈশ্বিক নেতৃত্বের ওপর আমাদের আস্থা বজায় রাখছি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.