সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওয়াশিংটনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বিরোধীদলীয় নেতা বেনি গান্তজের সঙ্গে বৈঠকের পর , মঙ্গলবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে যৌথ বিবৃতিতে শান্তি পরিকল্পনা প্রকাশের ঘোষণা দেন।
ঐতিহাসিকভাবেই মধ্যপ্রাচ্যের শান্তি প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরাইল ঘেঁষা। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার এক বছরের মধ্যে ২০১৭ সালের ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতির ঘোষণা দেন।এবং এর পর ইসরাইলের সঙ্গে আর কোনো শান্তি আলোচনায় মার্কিন মধ্যস্থতা মানবে না বলে ঘোষণা দেন ফিলিস্তিনিরা।
তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবারই ডিল অব দ্য সেঞ্চুরি বা শতাব্দীর সেরা চুক্তি নামে পরিচিত একটি শান্তি পরিকল্পনা ঘোষণার কথা বলা হয়েছে।
ট্রাম্পের উপদেষ্টা ও জামাতা জারেড কুশনার এ পরিকল্পনার নেপথ্যে কাজ করেছেন। বিভিন্ন সময়ে এ পরিকল্পনার বিভিন্ন অংশ সংবাদ মাধ্যমে উঠে এলেও যুক্তরাষ্ট্র তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেনি।
বৃহস্পতিবার সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ‘ফিলিস্তিনিরা এ পরিকল্পনা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া দেখাতে পারে, বাস্তবে তাদের জন্য এটি খুবই ভালো। এটি একটি মহান পরিকল্পনা। সত্যিকার ভাবে কাজে লাগানোর মতো পরিকল্পনা এটি।
ফিলিস্তিনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, ট্রাম্পের এ পরিকল্পনা পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজায় স্বাধীন রাষ্ট্র গড়ার ফিলিস্তিনিদের আশা গুঁড়িয়ে দেবে।তাছাড়া ফিলিস্তিনিদের ওয়াশিংটনে আমন্ত্রণ জানানো হয়নি। আর ফিলিস্তিনিদের ছাড়া কোনো শান্তি পরিকল্পনাই ফলপ্রসূ হতে পারে না।
মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল বৈঠকের প্রাক্কালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু তাদের দেশের অভ্যন্তরীণ নানা সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরাতে এ শান্তি পরিকল্পনাকে কাজে লাগাচ্ছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এ পরিকল্পনা প্রত্যাখ্যান করছি এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এতে জড়িত না হওয়ার দাবি জানাচ্ছি।