বিশ্বজুড়ে করোনায় মৃত সাড়ে ১৪ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে ৩,৩৪,৫১৪ জন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস ডট ইনফো’র হিসাব অনুযায়ী, করোনায় ইতালির পরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ইউরোপের আরেক দেশ স্পেন। দেশটিতে ২৪ ঘণ্টায় ৪০০ জনের মৃত্যু হয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে বাসিন্দাদের চলাফেরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। দেশে দেশে একের পর এক শহর লকডাউন করে দেওয়া হচ্ছে। সতর্কতার অংশ হিসেবে এর আগে বিভিন্ন দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। বাস, রেল ও বিমানসহ সব ধরনের গণপরিবহন চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কোথাও কোথাও জরুরি অবস্থা ও কারফিউ জারি করা হয়েছে।
এদিকে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তাঁর দেশের করোনা সংক্রমণ জনিত পরিস্থিতি ২-৩ সপ্তাহের মধ্যে স্বাভাবিক হয়ে আসবে।
এছাড়া বলিভিয়ার জনগনকে আগামী দুই সপ্তাহ ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার দেশটির সরকারের পক্ষ থেকে প্রেসিডেন্ট এই নির্দেশ দেন।