মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টের সেই ক্যাপ্টেন বরখাস্ত

করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে চিঠি লেখা মার্কিন বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে বরখাস্ত করা হয়েছে।

মার্কিন নৌবাহিনী বৃহস্পতিবার তাকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

মার্কিন নৌবাহিনী তাদের বিমানবাহী জাহাজ ইউএসএস থিওডোর রুজভেল্টে করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না– এমন মন্তব্য করায় তাকে বরখাস্ত করা হলো।

ক্রোজিয়ার কিছু দিন আগে তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে লেখা চিঠিতে মার্কিন সেনাদের মৃত্যু ঠেকাতে পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। তার জাহাজে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার কারণে জাহাজ থেকে নৌসেনাদের সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছিলেন ক্রোজিয়ার।

সেই সময় তিনি বলেছিলেন, ‘বিমানবাহী রণতরী থেকে সেনাদের সরিয়ে না নিলে এসব সেনা মারা যাবে। আমরা যেহেতু এখন যুদ্ধ পরিস্থিতির মধ্যে নেই, সে জন্য তাদের বিনাকারণে মৃত্যুর মুখে ঠেলে দেয়ার কোনো যৌক্তিকতা নেই। এ অবস্থায় ৫ হাজার সেনাকে জাহাজ থেকে সরিয়ে নেয়া উচিত।’

তবে মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি মনে করেন, কমান্ডার ক্রোজিয়ার ‘অত্যন্ত দুর্বল মাপকাঠিতে যাচাই করে’ ওই মন্তব্য করেছিলেন। চিঠিটি ফাঁস করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

পরে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, থিওডোর রুজভেল্ট জাহাজটিতে অন্তত ১০০ জনের মধ্যে ভাইরাস সংক্রমণ ঘটেছে।

মার্কিন নৌবাহিনীর সচিব থমাস মোডলি আরও বলেন, ক্রোজিয়ারের লেখা ওই চিঠিটি এমন ধারণা দেয় যে, নৌবাহিনী তার ডাকে সাড়া দিচ্ছে না। এটি এমন একটি ধারণা তৈরি করে যে, নৌবাহিনী তাদের কাজ করছে না, সরকার তাদের কাজ করছে না। যেটি একেবারেই সত্য নয়।

প্রসঙ্গত করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করেছে। দেশটিতে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসে। আরও হাজার হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.