ভারতে আটকা পড়াদের ফেরাতে আরও কয়েকটি বিশেষ ফ্লাইট

করোনার এ দুর্যোগকালে ভারতে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি নাগরিক। ইতিমধ্যে তাদের মধ্য থেকে অনেককেই বিশেষ ফ্লাইটের মাধ্যমে দেশে ফেরত আনা হয়েছে।আটকে পড়া আরও বাংলাদেশিদের দেশে ফেরত আনতে এবার সরকার আরও কিছু বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

প্রয়োজনীয় সংখ্যক যাত্রী পাওয়া সাপেক্ষে আগামী ১ মে শুক্রবার দুপুর আড়াইটায় কলকাতা থেকে, ২ মে শনিবার দুপুর আড়াইটায় দিল্লি থেকে এবং ৩ মে রোববার মুম্বাই থেকে বিশেষ ফ্লাইটে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত আনা হবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, উক্ত ফ্লাইটগুলোতে টিকিট ক্রয়ের জন্য বিমান কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট ব্যাংক হিসাবে বিমানভাড়া জমা দিতে হবে।

বিমানের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা যথাসময়ে আপলোড করা হবে। তবে আগ্রহী যাত্রীদেরকে সংশ্লিষ্ট বাংলাদেশ মিশনের মাধ্যমে তালিকাভুক্ত হতে হবে। উক্ত তালিকাসমূহ বিমানের ওয়েবসাইটে প্রদর্শন করা হবে। এ তালিকা বহির্ভুত কোন যাত্রী ভ্রমণ করতে পারবেন না।

আসন সংখ্যা সীমিত হওয়ায় ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট পাওয়া যাবে। তালিকায় নাম অন্তর্ভুক্তি টিকিট প্রাপ্তি নিশ্চিত করে না।

দিল্লি ও মুম্বাই থেকে প্রস্তাবিত ফ্লাইটের ব্যাপারে অতিরিক্ত তথ্যের জন্য বাংলাদেশ বিমানের দিল্লীস্থ অফিসে (+৯১ ৮৩৭৭৮ ৩৩৬০৯) যোগাযোগ করা যেতে পারে। তালিকাভুক্তির জন্য যাত্রীগণ সংশ্লিষ্ট সমন্বয়কারী মিশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

উল্লেখ্য, উপরোক্ত ফ্লাইটগুলি ছাড়াও পূর্বের ধারাবাহিকতায় ইউএস-বাংলা এয়ারলাইন্স যাত্রী প্রাপ্তি সাপেক্ষে চেন্নাই-ঢাকা রুটে আগামী ৩০ এপ্রিল, ০১ মে, ০২ মে তারিখে তিনটি ফ্লাইট পরিচালনা করবে। বিমানে আরোহনের জন্য প্রত্যেক যাত্রীর অবশ্যই ‘কভিড-১৯ মুক্ত’ বা ‘কভিড-১৯ উপসর্গমুক্ত’ সনদ থাকতে হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.