লকডাউন শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্রের আরও কয়েক রাজ্যে

প্রাণঘাতী করনাভাইরাস সংকটের মধ্যেই যুক্তরাষ্ট্রে শিথিল হতে শুরু করেছে লকডাউন। বিভিন্ন অঙ্গরাজ্যে পরিস্থিতি বুঝে তুলে দেয়া হচ্ছে লকডাউন। অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে ব্যবসা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রে এখন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০ লাখে পৌঁছেছে। মারা গেছে প্রায় ৫৭ হাজার মানুষ। প্রতিদিনই শনাক্ত হচ্ছে নতুন রোগী। কোভিড- নাইনটিনের সংক্রমণ ঠেকাতে লকডাউন ঘোষণা করলেও বেকার হয়ে গেছেন প্রায় আড়াই কোটি মানুষ। অর্থনীতিতে পুরোপুরি ধস নামার আগেই তাই কিছুটা ঝুঁকি নিয়ে লকডাউন শিথিল করছে ট্রাম্প প্রশাসন।

এর আগে পরীক্ষামূলকভাবে জর্জিয়া, ওকলোহামা, আলাসকা ও সাউথ ক্যারোলিনা রাজ্যের লকডাউন শিথিল করা হয়। রাজ্যগুলোতে লকডাউন ঘোষণার এক মাস পর সেখানকার অর্থনৈতিক খাতগুলো খুলে দেয়া হয়।

নতুন করে কলোরাডো, মিসিসিপি, মেনিসোটা, মনটানা ও টেনেসি রাজ্যের লকডাউন শিথিল করা হচ্ছে। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে সবাইকে।

লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে দুই কোটি ৬৫ লাখ মানুষ বেকার হয়ে পড়ে। এতে চাপে পড়ে যায় ট্রাম্প প্রশাসন। নিউইয়র্কসহ বিভিন্ন রাজ্যে বেকার মানুষ লকডাউন তুলে নিতে বিক্ষোভ মিছিলও করেছেন।

সব মিলিয়ে অর্থনীতি চাঙ্গা রাখতে এবং কর্মহীন হয়ে পড়া মানুষের প্রচণ্ড চাপেই নতুন করে আরও কয়েকটি রাজ্যে সোমবার থেকে লকডাউন শিথিল করার কথা রয়েছে।

মার্কিনী এক ব্যবসায়ী বলেন, দুই মাস ধরে কারো কোনো আয় নেই। বেঁচে থাকতে হলে আয় তো করতে হবে। আমার মনে হচ্ছে এখন যা হবে ভালোর জন্যই হবে।

অর্থনীতিতে ধসের লাগাম টানতে বিভিন্ন অঙ্গরাজ্যে খুলে দেয়া হচ্ছে মুভি থিয়েটার, সেলুন, পার্লার। তবে সামাজিক দূরত্ব এবং মাস্ক ব্যবহারের কড়া নির্দেশনা আছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.