বিশ্বব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বৈশ্বিক বিমান খাত। নিয়মিত ফ্লাইট কার্যক্রম না থাকায় দেউলিয়া হওয়ার পথে দেশী সব বিমান সংস্থা। এ অবস্থায় ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) সুপারিশের ভিত্তিতে উড়োজাহাজের ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়ে রেখেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যদিও দেশে করোনা সংক্রমণের বর্তমান প্রেক্ষাপটে জুলাইয়ের আগে বাংলাদেশীদের জন্য বহির্বিশ্বের দরজা খোলার কোনো সম্ভাবনা নেই বললেই চলে। ফলে দেশী এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালু হচ্ছে না সহসাই।
বিষয়টি নিয়ে বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক—উভয় গন্তব্যেই ফ্লাইট চালুর প্রস্তুতি রাখা হয়েছে। আইকাওর নির্দেশনা অনুযায়ী এয়ারলাইনসগুলোকে কিছু বিধিনিষেধও দেয়া হয়েছে। তবে সবকিছু্ই নির্ভর করছে দেশের করোনা পরিস্থিতির ওপর। কারণ বর্তমানে চীন ও যুক্তরাজ্য ছাড়া কোনো দেশেই বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি নেই। আন্তর্জাতিক গন্তব্যে যারা ফ্লাইট পরিচালনার অনুমতি দেবে, সেসব দেশে আমরা ফ্লাইট চালাব। তবে বর্তমানে দেশের করোনা সংক্রমণের যে পরিস্থিতি, তাতে সহসাই আন্তর্জাতিক রুটের ফ্লাইট চালুর সম্ভাবনা নেই। আগামী জুনের পর ফ্লাইট চালু হবে কিনা, সেটাও পরিস্থিতির ওপর নির্ভর করছে। এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য। যেমন যুক্তরাষ্ট্রে এখনো ইউরোপ থেকে আগত ফ্লাইটগুলোর প্রবেশের অনুমতি নেই।