টিকিট বিক্রি করেছে ফ্লাই দুবাই কিন্তু বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না বেবিচক

আসতে পারেনি ১২ এবং ১৪মে'র দুটি ফ্লাইট

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

করোনাভাইরাসের জন্য লকডাউন থাকায় বিশ্বের নানা দেশে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি। এসব যাত্রীদের মধ্যে রয়েছে ছাত্র, পর্যটক এবং কাজ হারানো অনেক প্রবাসী।

এসব বাংলাদেশি যাত্রীদেরকে বিশ্বের নানা দেশ থেকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে বিশ্বের নানা দেশ থেকে আটকে পড়া বাংলাদেশিদের বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে।এই প্রক্রিয়া এখনো চলমান।

কিন্তু এরই মধ্যে দেখা গিয়েছে একটি ভিন্ন চিত্রও।

সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিরা দেশে ফেরার জন্য আমিরাতের বিমান সংস্থা ‘ফ্লাইট দুবাই’তে টিকেট বুকিং দিয়েছিল। ফ্লাই দুবাই ও বাংলাদেশে আসার জন্য প্রস্তুত কিন্তু বাংলাদেশে আসার অনুমতি দিচ্ছে না বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাত থেকে ‘ফ্লাই দুবাই’ ১২মে এবং ১৪মে বাংলাদেশের চট্টগ্রামে দুইটি ফ্লাইট পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছিল, টিকেট বিক্রিও হয়েছিল কিন্তু বেবিচকের অনুমতি না মেলায় আসতে পারেননি ফ্লাইট দুটি।

এ ঘটনায় চরম বিপাকে পড়েছে সংযুক্ত আরব আমিরাত থেকে টিকিট কাটা বাংলাদেশী যাত্রীরা।

জানা যায় সংযুক্ত আরব আমিরাতে অনেক প্রবাসী বাংলাদেশী চাকরি হারিয়েছেন। একে তো চাকরি নেই তারপর দেশে ফিরতে পারছেন না এবং সে দেশের থাকা-খাওয়ার খরচ বহন করতে পারছেন না তারা। ফ্লাই দুবাইয়ের ফ্লাইট এর কথা শুনে আশা করে তারা টিকিট কেটেছিলেন দেশে ফেরার জন্য, কিন্তু বিশেষ ফ্লাইট দুটি দেশে না আসায় চরম বিপাকে পড়েছেন তারা।

এ বিষয়ে জানার জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর গণসংযোগ কর্মকর্তা কামরুজ্জামান সোহেল এর সাথে যোগাযোগ করা হলে তিনি এভিয়েশন নিউজকে বলেন, আমরা ফ্লাই দুবাইকে টিকিট বিক্রি করার জন্য বলিনি, তাহলে তারা কার অনুমতি নিয়ে টিকিট বিক্রি করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে যাত্রীদের কাছে ফ্লাই দুবাই’য়ের টিকেট বিক্রি করা একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী জনাব জামিলুল কাইয়ুম এভিয়েশন নিউজকে বলেন, দুবাইতে অনেক আটকে পড়া বাংলাদেশীরা রয়েছেন। তাদের মধ্যে অনেকে আছেন যারা তাদের চাকরি হারিয়েছেন , এখন তারা দেশে ফিরতে চান। অনেকেই তাদের সাথে যোগাযোগ করে কান্নাকাটি করে দেশে ফেরার আকুতি জানান। বাংলাদেশ সিভিল এভিয়েশনের উচিত এসব যাত্রীদের ফেরানোর জন্য ফ্লাই দুবাইকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া এবং আরো ফ্লাইটের ব্যবস্থা করা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.