করোনাভাইরাস মহামারীর মধ্যে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চলাচলে বিধিনিষেধের মেয়াদ ৩০ মে পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
সরকার মহামারীর কারণে ছুটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি সড়ক, নৌ ও আকাশ পথে চলাচলে বিধিনিষেধের মেয়াদ বাড়ানোর পর বৃহস্পতিবার বেবিচকের এই সিদ্ধান্ত আসে।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বলেন, আগের মতই বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য রুটে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রী পরিবহন বন্ধ থাকবে।
সেই সঙ্গে অভ্যন্তরীণ রুটেও নিয়মিত ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানান সোহেল কামরুজ্জামান।
তিনি বলেন, কার্গো, ত্রাণবাহী আকাশযান, এয়ার এম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম এই বিধিনিষেধের বাইরে থাকবে।
বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চলাচল হয় এমন ১৭টি দেশের মধ্যে এখন শুধু চীনের সঙ্গেই প্যাসেঞ্জার ফ্লাইট চলছে বলে সোহেল কামরুজ্জামান জানান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. মোকাব্বির হোসেন জানান, নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে তাদের সকল নিয়মিত ফ্লাইট ৩০মে পর্যন্ত বন্ধ থাকবে।