ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে সরাসরি কার্গো ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে চলতি মাসেই। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য দিয়ে বলেছে, যুক্তরাজ্য থেকে আগত একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বিমানবন্দরের বর্তমান সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্টি প্রকাশ করেছে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৯ এপ্রিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা রয়েছে।
এদিকে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী এবং বহির্গমন (কনকোর্স) দুটি হল খুলে দেওয়া হচ্ছে আগামী রবিবার। নিরাপত্তাজনিত কারণে আট মাস ধরে কনকর্স হল দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়।
সূত্র জানায়, ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি রেডলাইন দায়িত্ব নেওয়ার প্রথম দিকে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় খুব একটা পরিবর্তন আসেনি। গত সপ্তাহ থেকে এর পরিবর্তন দৃশ্যমান হতে থাকে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বিতীয় দফায় চিঠি দিয়েছেন। গত শুক্রবার পাঠানো ওই চিঠিতে নিরাপত্তা নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন ডেভিড ক্যামেরন।
সূত্র জানায়, যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্টের (ডিএফটি) একটি প্রতিনিধি দল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। আগামী ২৯ এপ্রিল তারা একটি প্রতিবেদন দেবে যুক্তরাজ্য সরকারকে। সেই প্রতিবেদনের ওপরই অবশ্য নির্ভর করছে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি। তবে নিরাপত্তা নিয়ে তাদের বর্তমান মনোভাব ইতিবাচক। সিভিল এভিয়েশনের মুখপাত্র রেজাউল করিম বলেন, ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনকে দায়িত্ব দেওয়ার পর বিমানবন্দরের নিরাপত্তার অনেকাংশে উন্নতি হয়েছে। গত ৮ মার্চ বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করে ক্যামেরন প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন। ওই দিনই সরাসরি ঢাকা-লন্ডন কার্গো সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করে ব্রিটেন। সেই চিঠিতে ক্যামেরন ৩১ মার্চের মধ্যে শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় আন্তর্জাতিক মান নিশ্চিত করার পরামর্শ দেন। অন্যথায় কার্গোর পাশাপাশি ঢাকা-লন্ডন সরাসরি যাত্রীবাহী ফ্লাইটও বন্ধ করা হবে বলে জানানো হয়। এমন এক পরিস্থিতিতে বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উন্নয়নে গত ২৩ মার্চ সরকার ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী রেডলাইন বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে। এদিকে দীর্ঘ আট মাস পর দর্শনার্থীদের জন্য বিমানবন্দরের কনকর্স হল খুলে দেওয়া হচ্ছে। আগামী রবিবার সকাল ১০টা থেকে দর্শনার্থীরা আগমনী ও বহির্গমন হলে টিকিট কেটে প্রবেশ করতে পারবেন। সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় অনেক উন্নতি হয়েছে। নিরাপত্তা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করার পরই দর্শনার্থীদের জন্য হল দুটির নিষেধাজ্ঞা প্রত্যাহার করে উন্মুক্ত করার আদেশ দেওয়া হয়েছে। ৮ মাস হল দুটি বন্ধ থাকায় সরকার রাজস্ব হারিয়েছে প্রায় ১০ কোটি টাকা।