বেলজিয়ামের রাজপুত্র জোয়াকিমকে ১৪ দিনের কোয়ারেন্টাইন আইন ভঙ্গ করায় ১১ হাজার ৮০০ ডলার তথা ১০ লাখ ২ হাজার ৫৯ টাকা জরিমানা করেছে স্পেন।
রাজপুত্র জোয়াকিম জরিমানার বিরুদ্ধে আপিল করার ১৫ দিনের সময় পাবেন। তবে জরিমানা দ্রুত পরিশোধ করলে পাবেন ৫০ শতাংশ ছাড়।
রাজপুত্র অবশ্য জরিমানা মেনে নিয়ে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, এমন কঠিন সময়ে আমি আইন ভাঙতে চাইনি। অসম্মান করতে চাইনি কাউকে। আমি যেটা করেছি সেটার জন্য অত্যন্ত অনুতপ্ত। পাশাপাশি আমাকে করা জরিমানার বিষয়টিও মেনে নিচ্ছি।
রাজপুত্র জোয়াকিম গত ২৪ মে ইন্টার্নশিপের উদ্দেশে বেলজিয়াম থেকে স্পেনে যান। নিয়ম অনুযায়ী তাকে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা উচিত ছিল। কিন্তু তিনি সেটা না করে দ্রুতগতির ট্রেন ধরে কর্ডোবা রাজ্যে যান। সেখানে গিয়ে তিনি ক্ষান্ত হননি। যোগ দেন ২৭ জনের একটি পার্টিতে। যেখানে লকডাউনের সময় ১৫ জনের অধিকের পার্টি সম্পূর্ণ নিষিদ্ধ। বিপত্তি বাধে এর চারদিন পরে।
বেলজিয়ামের ২৮ বছর বয়সী এ রাজপুত্র ৩০ মে করোনা আক্রান্ত হন। তখন পুলিশ হন্নে হয়ে খুঁজতে শুরু করে বাকি ২৬ জনকে।পুলিশ বাকিদেরকেও ভিডিও ফুটেজ দেখে খুঁজে বের করে জরিমানা করেছে। পাঠিয়েছে কোয়ারেন্টাইনে।
সূত্র: আনাদোলু এজেন্সি