নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বর্নো রাজ্যে সাতদিনের ভেতর তৃতীয়বার জঙ্গি হামলা হল। শনিবারের জোড়া হামলায় দেশটিতে ২০ সেনাসহ ৪০ জনের মতো সাধারণ মানুষ নিহত হয়েছে। খবর রয়টার্সের।
একদিন আগেই মুনগুনো এবং নাগানজাই অঞ্চলে জঙ্গিরা ৮১ জনকে হত্যা করে। তার দুদিন আগে এই বর্নো রাজ্যের প্রত্যন্ত একটি গ্রামে আরেকটি হামলায় ৫৯ জন মারা যান।
তিনজন স্থানীয় বাসিন্দা এবং দুইজন মানবাধিকার কর্মী রয়টার্সকে বলেন, শনিবার সকাল ১১টার দিকে জঙ্গিরা রকেট লঞ্চারসহ ভারি ভারি অস্ত্র নিয়ে এ হামলা চালায়। এরপর সরকারি সেনারা এলাকা দখলের চেষ্টা করলে ২০ জন ঘটনাস্থলে মারা যান। এভাবে তিনঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। শতশত মানুষ এই হামলায় আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালে জায়গা না পেয়ে বাইরে অপেক্ষারত অনেকে মারা গেছেন।
জাতিসংঘের মানবাধিকারকর্মীদের থাকার জায়গা পুড়িয়ে দিয়েছে জঙ্গিরা। উরিয়ে দিয়ে গেছে স্থানীয় থানাও।
তাণ্ডব চালিয়ে জঙ্গিরা মোটর সাইকেল এবং ট্রাকে করে ফিরে যাওয়ার সময় স্থানীয়দের আঞ্চলিক ভাষায় লিফলেট বিলি করেছে। লিফলেটে তাদের সেনাবাহিনী কিংবা সরকারের সঙ্গে কাজ না করতে নির্দেশ দেয়া হয়।