করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়াদের স্পেনে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বশীল সংগঠন স্পেন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট রাজধানী মাদ্রিদে ১৯ জুন অবতরণ করবে।
ইতোমধ্যেই বাংলাদেশ বিমান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই বিশেষ ফ্লাইটের সিডিউল প্রকাশ করেছে।
স্পেন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এটিএন বাংলা ইউকের স্পেন প্রতিনিধি বনি হায়দার মান্না এই বিশেষ ফ্লাইটের প্রস্তুতির জন্যে মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, স্পেন বাংলা প্রেস ক্লাবের ঐকান্তিক প্রচেষ্টা ও স্পেনের বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক সহযোগিতাসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতার এই বিশেষ ফ্লাইটের সিডিউল তৈরি করা সম্ভব হয়েছে।
বাংলাদেশে আটকেপড়া স্পেন প্রবাসীদের কথা বিবেচনা করে, বিমান বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মোকাব্বির হোসেনের আন্তরিক সহযোগিতায় বাংলাদেশ বিমানের এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব হয়েছে।