ভারতের কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে চার পাকিস্তানি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী।
পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিকে উদ্ধৃত করে কাতারের দোহায় অবস্থিত টিভি চ্যানেল আল জাজিরা আজ (বৃহস্পতিবার) এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে পাকিস্তানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল বাবর ইফতেখারে বলেছেন, ভারতীয় সেনাবাহিনী অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখার নিখিয়াল ও বাগসার এলাকার বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। ভারতীয় সেনাদের জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীও পাল্টা গুলি চালিয়েছে।
তিনি বলেন, সীমান্তের যে এলাকায় হামলা চালানো হয়েছে তা আবাসিক অঞ্চল। সেখানে বেসামরিক লোকজনের বসবাস। নিহতদের মধ্যে এক নারী রয়েছেন। এছাড়া আরও কয়েক জন আহত হয়েছেন।
আজ পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিকে ডেকে এনে প্রতিবাদ জানিয়েছে।