ক্রিকেটার দুর্জয় এখন পাওয়ার প্লান্টের মালিক

ছিলেন ক্রিকেটার।
স্ত্রীসহ চাকরির আয়ে জীবিকা চলত। এমপি হওয়ার পর অদৃশ্য জাদুর ছোঁয়ায় সেই নাঈমুর রহমান দুর্জয়ের হাতে চলে আসে আলাদীনের চেরাগ।
রাতারাতি গড়ে ওঠে অঢেল সম্পদ আর প্রাচুর্য। এমনকি পাওয়ার প্লান্টের মালিকও হয়েছেন তিনি। দেশ-বিদেশে হরদম যাতায়াত চলে তার।
মালয়েশিয়ায় গড়ে তুলেছেন নানা রকম ব্যবসা- বাণিজ্য। এসব নিয়ে দুর্জয়ের নির্বাচনী এলাকায় আলোচনা-সমালোচনা মানুষের মুখে মুখে।
তাকে ঘিরে বিতর্ক সৃষ্টির আরেকটি কারণ হচ্ছে, পাপিয়াকাণ্ডে তার নাম উঠে আসা।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই নাঈমুর রহমান দুর্জয় তার নির্বাচনী এলাকাকেও ব্যবসা কেন্দ্রে পরিণত করেছেন।
থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটি গঠন, পদ প্রদান, পদ থেকে হটিয়ে দেওয়া, সবকিছুর পেছনেই বাণিজ্য করার এন্তার অভিযোগ রয়েছে।
এ বাণিজ্যিক সুবিধা প্রদানে ব্যর্থ হওয়ায় আওয়ামী লীগের ত্যাগী নেতা-কর্মীদের দল থেকে হটিয়ে দেওয়া হয়েছে। সর্বত্রই এমপির পকেট কমিটি গঠিত হয়েছে।
তাদের মাধ্যমেই চলছে ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলার যাবতীয় কর্মকাণ্ড।

এলাকার যাবতীয় ঠিকাদারি, সব ধরনের নিয়োগ, বালুমহাল জবরদখল, সরকারি খাস জমি ও খাল-নালা ভরাট করে পজেশন আকারে কেনাবেচা, নদ-নদীতে অবৈধভাবে ড্রেজিংসহ বেপরোয়া মাটি বাণিজ্যের সবকিছুই এককভাবে নিয়ন্ত্রণ করছেন দুর্জয়।
এ ছাড়া আরিচা ও পাটুরিয়াঘাটে ঝুঁকিপূর্ণ স্পিডবোটের অবৈধ বাণিজ্যও গড়ে তুলেছেন তিনি।
দলের নিজস্ব ক্যাডার ও আস্থাভাজন নেতা-কর্মীদের মাধ্যমেই তার প্রতিটি ব্যবসা-বাণিজ্য পরিচালিত হচ্ছে।

ফলে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা এখন এমপির ব্যবসা কেন্দ্রের ম্যানেজার, ক্যাশিয়ার, সুপারভাইজার হিসেবেই বেশি পরিচিত হয়ে উঠেছেন।
দলীয় কর্মকাণ্ডে তৎপরতা না থাকলেও ব্যবসায়িক কাজের ছোটাছুটিতে ঘাম ঝরে তাদের।
দুর্জয়ের এসব কর্মকাণ্ড নিয়ে অনেক দিন ধরেই দলের ভেতরে-বাইরে নানা বিতর্ক, নানা সমালোচনা চলছে।
সৃষ্টি হয়েছে চরম অসন্তোষের। কিন্তু কোনো কিছুতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই তার।
অনেকেই প্রশ্ন তুলেছেন, স্বামী-স্ত্রী উভয়ের চাকরির আয়ে জীবন চালানো দুর্জয় হঠাৎ কীভাবে পাওয়ার প্লান্টের মালিক হলেন?

সুত্র-কালের কন্ঠ

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.