করোনায় আক্রান্তদের চিকিৎসায় অনুমোদিত ওষুধ রেমিডিসিভিরের সব সরবরাহ কিনে নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী আলেক্স আজার এ তথ্য জানিয়েছেন।
কোভিড-১৯ চিকিৎসায় কার্যকরী ওষুধ হিসেবে গিলিয়াড সায়েন্সের তৈরি রেমিডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।
ইবোলা চিকিৎসার জন্য এই ওষুধটি আবিষ্কৃত হয়েছিল।
ধনী দেশগুলোর বেলায় এক জন রোগীর জন্য প্রয়োজনীয় সংখক ডোজের রেমিডিসিভিরের দাম পড়ে ২ হাজার ৩৪০ মার্কিন ডলার।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, ট্রাম্প প্রশাসন গিলিয়াড সায়েন্সের কাছ থেকে পাঁচ লাখ ডোজেরও বেশি রেমিডিসিভির কিনতে চুক্তি করেছে।
এই ডোজ গিলিয়াডের জুলাই মাসের উৎপাদনের শতভাগ এবং আগস্ট ও সেপ্টেম্বরের উৎপাদনের ৯০ শতাংশ।
আলেক্স আজার বিবৃতিতে বলেছেন, ‘কোভিড-১৯ এর জন্য প্রথম অনুমোদিত ওষুধ আমেরিকানদের জন্য নিশ্চিত করতে প্রেসিডেন্ট ট্রাম্প
গিলিয়াড সায়েন্সের সাথে চমকপ্রদ চুক্তি চূড়ান্ত করেছেন।’
তিনি বলেন, ‘সম্ভাব্য শেষ সীমা পর্যন্ত আমরা নিশ্চিত করতে চাই কোনো আমেরিকানের রেমিডিসিভিরের প্রয়োজন হলে তিনি যেন তা পান।
কোভিড-১৯ এর জীবনরক্ষাকারী ওষুধ সম্পর্কে জানতে আমাদের ক্ষমতার মধ্যে সবকিছু করছে ট্রাম্প প্রশাসন এবং আমেরিকানদের জন্য এই নির্বাচিতগুলো প্রাপ্তি নিশ্চিত করছে।’