তিন মাসেরও বেশি সময় পর ভিয়েতনামের স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ধরা পড়েছে। দেশটির কেন্দ্রীয় শহর দানাংয়ে চার জন স্থানীয় ব্যক্তি করোনা আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। শহরটি থেকে ৮০ হাজার মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। আরোপ করা হচ্ছে বিধিনিষেধ। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটি থেকে ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে। এদের বেশিরভাগই পর্যটক। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, প্রায় ১০০ দিন যাবত কোনো করোনা সংক্রমণ ধরা পড়েনি ভিয়েতনামে। চীনের সীমান্তবর্তী দেশ হয়েও ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে পেরেছে দেশটি।
আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে তাদের পদক্ষেপ। জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে উঠেছিল দেশটিতে। কাটিয়ে উঠেছিল ভাইরাসের ধাক্কা। তবে শনিবার দেশটির দানাং শহরে ফের ধরা পড়েছে সংক্রমণ। নতুন করে সামাজিক দূরত্ব বিষয়ক বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেখানে। বাতিল করা হয়েছে সকল ধরণের ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান। বাধ্যতামূলক করা হয়েছে মাস্ক পড়া। ৩০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সোমবার থেকে শহরটির সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এখন অবধি ভিয়েতনামে মোট করোনা আক্রান্তের সংখ্যা মাত্র ৪২০ জন। সরকারি উপাত্ত অনুসারে, দেশটিতে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।