স্বাস্থ্য মন্ত্রণালয় ও পুলিশকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কভিড-১৯ মোকাবেলায় পুলিশকে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। সোমবার বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং তাঁর দল বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলা প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তার অংশ হিসেবে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশার কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

যুক্তরাষ্ট্র দূতাবাসের দেওয়া সরঞ্জামাদির মধ্যে রয়েছে কাপড়ের তৈরি ১০,০০০ পুনর্ব্যবহারযোগ্য মাস্ক, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনায় ব্যবহৃত ২০০ পূর্ণাঙ্গ হ্যাজার্ডাস ম্যাটারিয়াল স্যুট, ৫০টি কেএন-৯৫ সার্জিক্যাল মাস্ক, ৬৬০ বোতল ২০০-মিলি হ্যান্ড স্যানিটাইজার, ১১,০০০ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ২৫ কেজি ব্লিচিং পাউডার, ২টি জীবাণুনাশক স্প্রেয়ার, ১০০টি মুখমণ্ডল সুরক্ষার শিল্ড এবং ১০টি ইনফ্রারেড থার্মোমিটার। এগুলো বাংলাদেশি বিভিন্ন কম্পানির কাছ থেকে স্থানীয়ভাবে ক্রয় করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে ধারাবাহিক পিপিই বিতরণ পরিকল্পনার ষষ্ঠ উদ্যোগ এটি। বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলায় এ পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার, যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট, ডিফেন্স অ্যান্ড অ্যাগ্রিকালচার; ইউএসএআইডি এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে ৫৬.৫ মিলিয়ন ডলারের অধিক সহায়তা প্রদান করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.