বাইডেনের সমর্থক দ. এশীয় মোর্চার উপদেষ্টা হলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের সমর্থনে দক্ষিণ এশিয়ানদের মোর্চা  সাউথ এশিয়ান্স ফর বাইডেন’র সিনিয়র অ্যাডভাইজার হলেন বাংলাদেশি আমেরিকান ওসমান সিদ্দিক।

বাইডেনের রানিংমেট তথা ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস মনোনয়ন পাওয়ার পরপরই মার্কিন রাজনীতিতে দক্ষিণ এশিয়ানরা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সে কারণে বাইডেন কমলাকে বিজয়ী করতে দক্ষিণ এশিয়ানরা পৃথক একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে।

ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তান, মালদ্বীপ এবং ভুটানের প্রায় ৮ মিলিয়ন অভিবাসী রয়েছেন যুক্তরাষ্ট্রে। এর সাথে যোগ হয়েছে এসব পরিবারে জন্মগ্রহণকারী আমেরিকানরা। সম্প্রতি আইটি, চিকিৎসা, শিক্ষকতায় ভারতীয়রা দ্বিতীয় শীর্ষে অবস্থান করলেও বাংলাদেশিরাও পিছিয়ে নেই।

বাইডেন কমলার জয় নিশ্চিতে  সাউথ এশিয়ান্স ফর বাইডেন ,  ইন্ডিয়ান্স ফর বাইডেন ,  বাংলাদেশি ফর বাইডেন , পাকিস্তানি ফর বাইডেন ,  শ্রীলঙ্কানিয়ান ফর বাইডেন  গঠিত হচ্ছে। অর্থাৎ সবকটি দেশের ফোরামের সমন্বয়ে জাতীয়ভিত্তিক ‘সাউথ এশিয়ান্স ফর বাইডেন’ কমিটি সম্প্রসারিত হবে।

বাইডেন কমলা  জুটির নির্বাচনী টিমের বিশেষ সহযোগী হিসেবে দক্ষিণ এশিয়ানদের এই মোর্চা তহবিল সংগ্রহের পাশাপাশি ভোটার হিসেবে তালিকাভুক্তি এবং ভোট প্রদানে সবাইকে উৎসাহিত করার সাংগঠনিক তৎপরতা চালাবে বলে জানা গেছে।

আগে থেকেই যারা ডেমোক্র্যাটিক পার্টির বিভিন্ন ফোরামে সক্রিয় ছিলেন তাদের সমন্বয়েই ‘বাইডেন কমলা র পক্ষে সকলে কাজ করবেন। ৩ নভেম্বরের নির্বাচনের আগেই ডাকযোগেও ভোট দেয়া যাবে। এ নিয়েও কাজ করবে  সাউথ এশিয়ান্স ফর বাইডেন ।

ওসমান সিদ্দিক আমেরিকায় এসে উচ্চশিক্ষার পাশাপাশি মার্কিন রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তাকে ফিজিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়োগ করেছিলেন। তারও আগে প্রেসিডেন্সিয়াল ডেলিগেশন হিসেবে মার্কিন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক’ হিসেবেও দায়িত্ব পালন করেন। শুধু তাই নয়, প্রেসিডেন্ট ক্লিনটনের ঢাকা সফরের সময়েও সঙ্গে ছিলেন ওসমান সিদ্দিক।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.