আগস্টে যুক্তরাষ্ট্রের নতুন কর্মসংস্থান সৃষ্টি ১৩ লাখ ৭০ হাজার

কৃষি খাতের বাইরে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে গত আগস্টে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে ১৩ লাখ ৭০ হাজার। একই সঙ্গে দেশটির বেকারত্ব হার ১ দশমিক ৮ শতাংশীয় পয়েন্ট কমে ৮ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয় এ তথ্য জানায়।

একই দিনে কানাডার জাতীয় পরিসংখ্যান সংস্থা জানায়, কভিড-১৯ এর বেশির ভাগ বিধিনিষেধ হ্রাস এবং ব্যবসা পুনরায় চালু হওয়ায় আগস্টে ২ লাখ ৪৬ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সঙ্গে দেশটির বেকারত্ব হার কমে ১০ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে। খবর এএফপি, কিয়োদো।

আগস্টে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতে ১০ লাখ ৩ হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সরকারি নিয়োগ হয়েছে মাত্র ৩ লাখ ৪৪ হাজার। সরকারি নিয়োগের বেশির ভাগই মূলত আদমশুমারির জন্য অস্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মী।

যে বেসরকারি খাতগুলোয় অধিক কর্মী নিয়োগ হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে খুচরা ব্যবসা, পেশাগত ও ব্যবসায় সেবা এবং অবকাশ ও আতিথেয়তা খাত।

আগস্টে বেসরকারি খাতের ঘণ্টাপ্রতি বেতন ২৯ দশমিক ৪৭ ডলারে দাঁড়িয়েছে, যা পূর্ববর্তী মাসে ছিল ২৯ দশমিক ৩৬ ডলার।

মহামারীর মধ্যে আগস্টে প্রথমবারের মতো বেকারত্ব হার ১০ শতাংশের নিচে নেমেছে। চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের বেকারত্ব হার দাঁড়িয়েছিল ১৪ দশমিক ৭ শতাংশ, যা ১৯২৯ সালের মহামন্দার পর সর্বোচ্চ।

এদিকে কানাডাও গত মার্চে হারানো চাকরির দুই-তৃতীয়াংশ ফিরে পেয়েছে। নভেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশব্যাপী লকডাউনের ফলে উল্লেখযোগ্যসংখ্যক কানাডীয় নাগরিক চাকরি হারিয়েছিলেন।

স্ট্যাটিস্টিকস কানাডা বলছে, এখনো ১১ লাখ কানাডীয় তাদের চাকরি ফিরে পাননি।

সিআইবিসির বিশ্লেষক অ্যান্ড্রু গ্রান্থাম বলেন, শ্রমবাজার পুনরুদ্ধার প্রক্রিয়া আগস্টে অব্যাহত ছিল, তবে সামনে আরো কঠোর সময় আসছে।

গ্রান্থাম একটি গবেষণা প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বলেন, যদি ঠিক সময়ে টিকা না আসে এবং ফের কভিড-১৯ সংক্রমণ ঘটে তাহলে কর্মসংস্থান প্রবৃদ্ধিতে আবার পতন হবে।

কভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে শাটডাউন ঘোষণার আগের মাসগুলোয় কানাডায় পূর্ণকালীন নিয়োগ রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। একই সঙ্গে খণ্ডকালীন কাজেও নিয়োগ স্থিতিশীল ছিল।

লকডাউনের ফলে বেকারত্বের হার গত ফেব্রুয়ারিতে যেখানে ছিল ৫ দশমিক ৬ শতাংশ, মে মাসে তা দ্বিগুণ বেড়ে ১৩ দশমিক ৭ শতাংশে দাঁড়ায়।

আগস্টে নতুনভাবে যারা কাজ পেয়েছেন, তারা সবাই স্থায়ীভাবে নিয়োগ পাওয়া কর্মী বলে জানিয়েছে স্ট্যাটিস্টিকস কানাডা।

তবে নিম্ন আয়ের শ্রমিক এবং যুবকদের কর্মসংস্থানের হার মহামারীপূর্ব সময়ের অনেক নিচে রয়েছে। আরব, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণপূর্ব এশীয় কানাডীয়দের মধ্যে বেকারত্বও দেশীয় গড়ের চেয়ে বেশি।

আগস্টে পণ্য উৎপাদনকারী খাতের তুলনায় সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে। পণ্য উৎপাদন খাতে যেখানে ২৮ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে, সেখানে সেবা খাতে হয়েছে ২ লাখ ১৮ হাজার।

প্রাথমিক শাটডাউনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে রয়েছে আবাসন, খাদ্য পরিষেবা ও খুচরা ব্যবসা।

টানা চতুর্থ মাসের মতো ঘরে থেকে কাজ করা কানাডীয়দের সংখ্যা কমেছে। গত মাসে ২৫ লাখ কানাডীয় ঘরে থেকে কাজ করেছেন। সংকটের চূড়ান্ত সময়ে যে সংখ্যাটি ছিল ৩৪ লাখ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.