মার্কিন অর্থনীতির পুনরুজ্জীবনে প্রতিবন্ধকতা কর্মী ছাঁটাইয়ের ধাক্কা

যুক্তরাষ্ট্রজুড়ে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হতে শুরু করলে স্বামী চাকরি হারালেও ফ্লাইট অ্যাটেনডেন্টের কাজ চালিয়ে যাচ্ছিলেন ক্রিস্টিন ল্যামবাইরিস। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বেচ্ছায় সাময়িক ছুটি গ্রহণ করেন। ইউনাইটেড এয়ারলাইনসের এ কর্মী জানান, আমরা দুজনেই বেশ ভয়ের মধ্যে আছি। আমি বেকারত্ব সুবিধার আওতাভুক্ত হতে চাইছি না, আবার অন্য কারো ভাগের অর্থ নিতে চাইছি না।

চলতি সপ্তাহে সরকারের প্রণোদনা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ায় উড়োজাহাজ সংস্থাগুলো হাজারো কর্মী ছাঁটাইয়ের পথে এগোচ্ছে। তবে শুক্রবার শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে আট লাখ নতুন কর্মী নিয়োগ হয়েছে।

এতে বেকারত্ব হার ৮ দশমিক ২ শতাংশে নেমে এসেছে, যা অর্থনৈতিক আরোগ্য লাভের প্রক্রিয়ায় কিছুটা ইতিবাচক বার্তা দিচ্ছে।

কর্মী ছাঁটাই স্বাভাবিক ঘটনা হিসেবে দাঁড়ালেও গুরুত্বপূর্ণ খাতগুলো নভেল করোনাভাইরাসের ধাক্কা সামলে উঠতে শুরু করেছে। তবে আরো প্রণোদনা প্যাকেজ নির্ধারণে ওয়াশিংটনে আইনপ্রণেতাদের মধ্যে অচলাবস্থার জেরে এই শঙ্কা জেঁকে বসেছে তা সচল রাখা যাবে কিনা তা নিয়ে।

নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের করপোরেট অর্থনীতিবিদ রবার্ট ফ্রিক বলেন, প্রণোদনা ছাড়াও আমরা হয়তো কষ্ট করে অর্থনীতি চাঙ্গা করতে পারি, কিন্তু আমাদের এ কষ্টের মধ্য দিয়ে যাওয়া উচিত নয়।

কভিড-১৯ সংক্রমণ ঠেকাতে গত মার্চে ব্যবসাপ্রতিষ্ঠান শাটডাউনের ফলে এপ্রিলে বেকারত্ব হার ১৪ দশমিক ৭ শতাংশে নেমে এসেছিল। তার পর থেকে বেকারত্ব হার কমতে শুরু করেছে এবং কয়েক মাসে তা এক ডিজিটে চলে আসে।

গত মার্চে মার্কিন কংগ্রেসের ২ দশমিক ২ ট্রিলিয়ন ডলারের কেয়ার্স অ্যাক্ট কঠিন পরিস্থিতি সামলে উঠতে সহায়তা করেছে।

ভ্রমণে পতনের জেরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ সংস্থাগুলোকে বড় অংকের অর্থসহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। এর মাধ্যমে তারা সেপ্টেম্বর নাগাদ কর্মী ছাঁটাই ও সাময়িক ছাঁটাই ঠেকিয়েছে। কিন্তু সরকারের তরফ থেকে আরো বেইল আউট নিশ্চিত না হওয়ায় ১ অক্টোবর থেকে ছাঁটাই ও সাময়িক ছাঁটাইয়ে যাচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো।

কেয়ার্স অ্যাক্টের আওতায় বেকার আমেরিকানরা সপ্তাহে অতিরিক্ত ৬০০ ডলার করে পাচ্ছিল। এতে ভোক্তাব্যয় চাঙ্গা ছিল। গত জুলাইয়ে এই বিশেষ ভাতা সপ্তাহে ১৬০ ডলারে নেমে আসে। এ সহায়তা প্যাকেজ সম্প্রসারণ বা অতিরিক্ত অর্থসহায়তার ব্যাপারে কংগ্রেস ও ট্রাম্প প্রশাসন কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

আমেরিকান এয়ারলাইনস ১৯ হাজার এবং ইউনাইটেড তার ১৩ হাজার কর্মীকে সাময়িক ছুটিতে পাঠিয়েছে। প্রণোদনা প্যাকেজ নিয়ে মার্কিন কংগ্রেসে অচলাবস্থা দেশটির অর্থনৈতিক আরোগ্য লাভ প্রক্রিয়া ব্যাহত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

চলতি সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের উপাত্তে দেখা গেছে, মার্কিন পরিবারগুলো তাদের সঞ্চয় ভেঙে মাসিক ব্যয় নির্বাহ করতে শুরু করেছে। গত সপ্তাহে নতুন করে বেকারত্ব সুবিধার জন্য আবেদন করেছে ৮ লাখ ৩৭ হাজার জন, যা এখনো ২০০৮-১০ বৈশ্বিক আর্থিক সংকটের চেয়ে খারাপ।

শাটডাউনের পর কিছু রাজ্য চালু হলে ইতিবাচক দৃশ্য দেখা যায়। জর্জিয়া রাজ্য শাটডাউন থেকে বেরিয়ে আসার পর সেখানে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পায়। বিশেষ করে রিটেইলাররা উল্লেখযোগ্যসংখ্যক নতুন কর্মী নিয়োগ দেয়।

এতে আশা দেখছে আটলান্টা চিড়িয়াখানা থেকে ছাঁটাই হওয়া কর্মী নাশাওয়ান কুপার। তিনি বলেন, আমি বসে নেই। আমি ঘরে বসে থেকে এটা বলছি না, আমার কাজ দরকার নেই।

আগামী সপ্তাহে সম্ভাব্য এক চাকরিদাতার সঙ্গে দেখা করবেন কুপার। যদি সে কাজটা না পান, তাহলে অন্য কোনো কাজের চেষ্টা করবেন। ছাঁটাই হওয়া ও বেকার আমেরিকানরা কুপারের মতোই হন্যে হয়ে নতুন কাজ সন্ধান করছেন। —এএফপি

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.