বুধবার পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলার ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন।
টিম্বাকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে হামলার এ ঘটনা ঘটে। কারা হামলাটি চালিয়েছে তা পরিষ্কার নয়।
জাতিসংঘ এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে।
মালির ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলির তৎপরতার রয়েছে, এদের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অধিকাংশ এলাকা অরক্ষিত হয়ে পড়েছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন।
মালিতে জাতিসংঘ মিশনের (এমআইএনইউএসএমএ) ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য রয়েছে। তারা দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমন করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
শুরুর পর থেকে জাতিসংঘের এ মিশনের প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এতে জাতিসংঘের ১২টিরও বেশি শান্তিরক্ষা মিশনের মধ্যে এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।