বাইডেন আফ্রিকান ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করবেন

আফ্রিকান ইউনিয়নের সঙ্গে তাঁর দেশের অংশীদারত্ব নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ শুক্রবার বাইডেনের এ–সংক্রান্ত ভিডিও টুইট করে হোয়াইট হাউস। ক্ষমতা গ্রহণের পর বৈদেশিক নীতি নিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন বাইডেন।

এর আগে ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দেশে ভ্রমণ ও বসবাসে নিষেধাজ্ঞার লক্ষ্যে, বিশেষ করে আফ্রিকান জাতিগোষ্ঠীর উদ্দেশে নোংরা শব্দ ‘শিটহোল’ ব্যবহার করেন। ট্রাম্পের বর্ণবাদী এই মন্তব্যে সারা বিশ্বে নিন্দার ঝড় ওঠে। বাইডেনের এই প্রতিশ্রুতি হয়তো সেই ক্ষত কিছুটা সারাবে।

বাইডেন তাঁর বক্তব্যে বলেন, ‘আমার প্রশাসন সারা বিশ্বে অংশীদারত্ব প্রতিষ্ঠায় ও আফ্রিকান ইউনিয়নের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ।’

বাইডেন আরও বলেন, ‘আমাদের সামনে কঠিন প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। এসবের মধ্যে যুক্তরাষ্ট্রকে বিশ্ব স্বাস্থ্যব্যবস্থায় আরও বেশি বিনিয়োগ, কোভিড-১৯–কে পরাজিত করা এবং ভবিষ্যতের স্বাস্থ্যসংকট রোধ, শনাক্ত ও স্বাস্থ্য সুরক্ষাকে এগিয়ে নিতে আফ্রিকান সিডিসির মতো অন্যান্য সংস্থার সঙ্গে অংশীদারত্বের মতো বিষয়গুলো রয়েছে।’

গতকাল ৪ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট বাইডেন তাঁর প্রশাসনের পরিবর্তিত পররাষ্ট্রনীতির বিবরণ দিতে গিয়ে গিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি একটি নতুন যুগের দ্বারপ্রান্তে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে আবার কূটনীতি ফিরে আসবে বলে ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে বলেছেন, দেশে দেশে কর্তৃত্ববাদী শাসকদের মোকাবিলায় যুক্তরাষ্ট্র কাজ করবে।

ক্ষমতা গ্রহণের পর এই প্রথম প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পররাষ্ট্র দপ্তরে যান। এ সময় তাঁদের সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বমঞ্চে আবার পদার্পণ করেছে। বিশ্বকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত।

বাইডেন বলেন, ‘আমাদের সামনে থাকা বিশাল সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। বৈশ্বিক সর্বজনীন অধিকার প্রতিষ্ঠা ও আইনের শাসনের প্রতি সম্মান প্রদর্শন করাই হবে আমাদের শক্তির ভিত্তি।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.