তাঁর মনোনয়ন পাওয়ার কার্যত কোনো সম্ভাবনা নেই, কিন্তু তবু নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াচ্ছেন না বার্নি স্যান্ডার্স। বরং উল্টো ডেমোক্র্যাট পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে তাঁর সমালোচনার সুর ক্রমেই চড়া হচ্ছে। তাঁর সমর্থকদের সঙ্গে হিলারির সমর্থকদের সংঘর্ষ পর্যন্ত হচ্ছে।
দুই সপ্তাহ আগে নেভাদা অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে ডেলিগেট মনোনয়ন প্রশ্নে অসন্তুষ্ট স্যান্ডার্স-সমর্থকেরা সম্মেলনমঞ্চ দখল করে নেয়। গতকাল শনিবার ওয়াইওমিংয়ে রাজ্য পর্যায়ের কনভেনশন হওয়ার কথা। সেখানেও একই রকম বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা করা হচ্ছিল।
এসব কারণে ভারমন্টের স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডার্সের বিরুদ্ধে ডেমোক্রেটিক নেতৃত্ব ক্রমেই ক্ষুব্ধ হয়ে উঠছে। আগামী জুলাই মাসে ফিলাডেলফিয়ায় দলের জাতীয় সম্মেলন, যেখানে প্রেসিডেন্ট পদের প্রার্থিতা চূড়ান্ত হবে। তাঁর ভবিষ্যৎ নিয়েও দলীয় নেতারা উদ্বিগ্ন। ভাবা হয়েছিল, রিপাবলিকান পার্টির সম্মেলনে হট্টগোল ও বিভক্তির মতো ঘটনা ঘটবে। এখন দেখা যাচ্ছে, ডেমোক্রেটিক পার্টির জন্যও একই রকম বিপদ অপেক্ষা করছে।
নেভাদার স্যান্ডার্স-সমর্থকদের বক্তব্য ছিল, দলীয় নেতারা ফিলাডেলফিয়া সম্মেলনের জন্য ডেলিগেট নির্বাচনে খোলামেলাভাবে হিলারির প্রতি পক্ষপাতিত্ব দেখিয়েছেন। এই রাজ্যের প্রাইমারি নির্বাচনে স্যান্ডার্স ৫৬-৪৬ শতাংশ ভোটে হিলারিকে পরাস্ত করলেও দলীয় নীতিমালা অনুসারে তাঁরা উভয়েই সাতটি করে ডেলিগেট লাভ করেন। তার ওপর রাজ্যের চারজন ‘সুপার ডেলিগেট’ সবাই হিলারির প্রতি সমর্থন দেন। এ পর্যন্ত হিলারির পক্ষে দলের নির্বাচিত প্রতিনিধি ও দলীয় কর্মকর্তা, যাঁরা সুপার ডেলিগেট হিসেবে ফিলাডেলফিয়ায় চূড়ান্ত ভোট দেবেন, তাঁদের ৫৫১ জন হিলারিকে সমর্থনের কথা আগাম জানিয়ে দিয়েছেন। অন্যদিকে স্যান্ডার্সের পক্ষে রয়েছেন মাত্র ৪৩ জন সুপার ডেলিগেট। স্যান্ডার্স ও তাঁর সমর্থকদের ক্ষিপ্ত হওয়ার সেটাই প্রধান কারণ।
নানা মহল থেকে অনুরোধ সত্ত্বেও স্যান্ডার্স যে বাছাই পর্বের নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না, তার মূল কারণ ৭ জুন ক্যালিফোর্নিয়ার প্রাইমারিতে তিনি জয়ের আশা করছেন।
আরও খবর