বর্তমান বিশ্বের সবচেয়ে সভ্যদেশ হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রে ধর্ষণের মত অপরাধের জন্য ‘মৃদু’ সাজা দেয়া হয়েছে। স্টানফোর্ড ইউনিভার্সিটির সাবেক ছাত্র ব্রক টার্নারকে এক অচেতন মেয়েকে ধর্ষণের অপরাধে ৬ মাসের সাজা দেয়া হয়েছে। মার্কিন মিডিয়াগুলো জানায়, এ সাজা কমে তিন মাসে দাঁড়াতে পারে।
বেশকিছুদিন আগের এ ঘটনার রায় সম্প্রতি দেন ক্যালিফোর্নিয়ার বিচারকরা। প্রমাণিত ধর্ষক ব্রক টার্নারের মামলার রায়ে বিচারকরা বলেন, এর বেশি শাস্তি দিলে সেটা অন্যায় হয়ে যাবে!
ছেলের বাবার বক্তব্য হলো ‘মাত্র বিশ মিনিটের’ এই ঘটনার জন্য ছয় মাসের ‘কঠোর’ শাস্তি অত্যন্ত অন্যায্য হয়েছে!
সিএনএন ও নিউ ইউর্ক টাইমস জানায়, ছেলে ধনী পরিবারের, হোয়াইট এলিট ও স্টানফোর্ডের সাবেক ছাত্র। উপরন্তু সে ইউনিভার্সিটির এথলেট ও সুইমিং টিমের প্রমিজিং সদস্য।
পুরো ঘটনার যতগুলো প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেখানে ধর্ষককেই ‘মহৎ’ বানানো হয়েছে। আর পক্ষান্তরে ধর্ষিতাকে মদ্যপ, পতিতা ও উশৃঙ্খল ইত্যাদি বলা হয়েছে।
দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিরা জানান, অত্যন্ত দৃষ্টিকটূভাবে বাংলাদেশে যেভাবে মেয়েদের পোশাক তুলে ভিকটিমকে ব্লেমিং করা হয় এখানকার বিখ্যাত মিডিয়া সেই কাজটাই করেছে।
দেশটির বৈষম্যমূলক আচরণের মধ্যে তারা জানান, এখানে কালো ছেলেদের কোনো কারণ ছাড়াই রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারা হচ্ছে, জেলে ঢোকানো হচ্ছে। আর সাদা চামড়ার ধনীর ছেলে ধর্ষণের সময় হাতেনাতে ধরা পড়লেও তিন মাস জেলের সাজা দিতেও বিচারকদের কষ্ট হয়।
একটু খোলাসা করেই তারা বলেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রবেশের পরই ধর্ষণ নিয়ে বিরাট এক অনলাইন ট্রেনিং দিতে হয়। এমনকি শেখানো হয় নিজের বৌয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার আগেও মৌখিক অনুমতি নিতে হবে! না হলে সেটাও ধর্ষণ বলে গণ্য হবে। কিন্ত সরাসরি প্রমাণিত ধর্ষণের এমন শাস্তি নিতান্তই হাস্যকর।