সদ্য প্রয়াত মুষ্টিযোদ্ধা মুহাম্মাদ আলীর শেষকৃত্যানুষ্ঠানে যাবেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা।
আসছে শুক্রবার জন্মস্থান কেনটাকির লুইভিলে বিশ্ব মানবতার অন্যতম দূতের শেষকৃত্যানুষ্ঠান হবে। সেদিন ওবামা দম্পতি তাদের মেয়ে মালিয়ার স্নাতক হওয়ার অনুষ্ঠানে অংশ নেবেন বলে হোয়াইট হাউজ জানিয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার ৭৪ বছর বয়সে মুহাম্মাদ আলী মারা যান।
ওই অনুষ্ঠানে বিশ্বের অনেক নেতা যোগ দিচ্ছেন। তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়িপ এর্দোয়ান এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ রয়েছেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও ওই সমাবেশে অংশ নেবেন।
আলীর ভক্তরা কেনটাকির লুইসভিলে তার স্মৃতিচিহ্ন স্বরূপ বিভিন্ন জিনিস রেখে তাকে স্মরণ করছে, ছবি: বিবিসি।
তবে বারাক ওবামা ওই অনুষ্ঠানে যোগ দিতে না পারলেও তার একটি চিঠি নিয়ে হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অংশ নেবেন।
আলী পরিবারের মুখপাত্র বব গানেল জানিয়েছেন, ওবামা এবং আলীর বিধা স্ত্রী লোনি টেলিফোনে কথা বলেছেন।
মুহাম্মদ আলীর মৃত্যুর পর বারাক ওবামা বলেছেন, ‘ আলীকে মানুষ শুধু তার বাকপটুতা বা রিং-য়ে লড়াইয়ের জন্যই মনে রাখবে না, তাকে মনে রাখবে কারণ তিনি সবসময়ে ন্যায়ের জন্য লড়াই করেছেন। তিনি আমাদের জন্য লড়াই করেছেন।’
বৃহস্পতিবার ঐতিহ্যবাহী মুসলিম রীতি অনুযায়ী মুহাম্মদ আলীর শেষকৃত্য অনুষ্ঠান হবে। শুক্রবার লুইসভিলে কয়েক হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাবেন।