১১১টি বিশেষ ফ্লাইটে এক সপ্তাহে দেশে ফিরেছেন ৩৮২৬ জন প্রবাসী

করোনা ভাইরাস পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া প্রবাসী কর্মীদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। এসব ফ্লাইটে বিদেশ থেকে আসা যাত্রীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে।

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন দেশ থেকে ২৫টি ফ্লাইটে মোট ৮৩৩ জন যাত্রী দেশে ফিরেছেন। এরমধ্যে ৭৪২ জনকে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং ৯১ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

গত ১৭ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত মোট ১১১টি বিশেষ ফ্লাইটে ৩ হাজার ৮২৬ জন যাত্রী দেশে ফিরলেন।

শুরুর দিকে দেশে ফেরা এসব ব্যক্তিকে রাজধানীর দুটি সরকারি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে (আঁশকোনা হজ ক্যাম্প ও উত্তরার দিয়াবাড়ি) রাখা হয়েছিল। এই দুটি কোয়ারেন্টিন সেন্টারের ধারণক্ষমতা দুই হাজার। পরে স্থান সঙ্কুলান না হওয়ায় তাদের নিজ খরচে সরকার নির্ধারিত আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

শাহজালাল বিমানবন্দরে স্থাপিত স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ডেস্ক সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল থেকে ১১১টি বিশেষ ফ্লাইটে আসা ব্যক্তিদের মধ্যে- ১৭ এপ্রিল চারটি ফ্লাইটে আসা ৩০ জনকে প্রাতিষ্ঠানিক ও একজনকে হোম কোয়ারেন্টিনে, ১৮ এপ্রিল ১১টি ফ্লাইটে আসা ২১১ জনকে প্রাতিষ্ঠানিক ও পাঁচজনকে হোম কোয়ারেন্টিন, ১৯ এপ্রিল ১৩ টি ফ্লাইটে আসা ২৫৪ জনকে প্রাতিষ্ঠানিক ও ১০ জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এছাড়া ২০ এপ্রিল ১৯টি ফ্লাইটে আসা ৪৩৮ জনকে প্রাতিষ্ঠানিক ও ২৩ জনকে হোম কোয়ারেন্টিন, ২১ এপ্রিল ১৫টি ফ্লাইটের ৮৩৫ জনকে প্রাতিষ্ঠানিক ও চারজনকে হোম কোয়ারেন্টিন এবং ২২ এপ্রিল ২৪টি ফ্লাইটের এক হাজার ২২৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও আটজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.