ভারতের আটকে পড়া নাগরিকদের ভোগান্তির কথা বিবেচনা করে সীমান্তে আরও তিনটি স্থল বন্দর খুলছে বাংলাদেশ।
আগামী ১৬ মে থেকে এ স্থলবন্দর গুলো চালু হবে। তবে যশোর জেলায় পর্যাপ্ত কোয়ারেন্টিন সুবিধা না থাকায় বেনাপোল দিয়ে দেশে ঢোকা স্থগিত হতে পারে।
বুধবার পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ।
এছাড়া ভারতফেরত বাংলাদেশিদের যশোর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা না থাকায় বেনাপোল দিয়ে দেশে ফেরা বন্ধ করা হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইতোমধ্যে ভারত থেকে বাংলাদেশে ফিরতে বেনাপোল, বুড়িমারি ও আখাউড়া স্থলবন্দর চালু রয়েছে। এর পাশাপাশি দর্শনা, হিলি ও সোনামসজিদ স্থলবন্দর নতুন করে চালু করা হবে। আগামী ১৬ মে থেকে এ কার্যক্রম শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। তবে তাদেরকে কোয়ারেন্টাইন শর্ত মানতে হবে। পাশাপাশি পূর্বে আরোপিত অন্যান্য সব বিধিনিষেধ এবং শর্ত কার্যকর থাকবে বলেও জানানো হয়।
ভারতের আটকে পড়া নাগরিকদের এক্ষেত্রে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনের গাইডলাইন অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।
