কিউবায় ফ্লাইট চালুর লাইসেন্স পেল ছয় মার্কিন উড়োজাহাজ সংস্থা

american-airlines-new-logo-liveryকিউবায় ফ্লাইট পরিচালনার জন্য ছয়টি মার্কিন উড়োজাহাজ সংস্থাকে লাইসেন্স দেয়া হয়েছে। এ উড়োজাহাজ সংস্থাগুলো দেশটিতে দৈনিক ৯০টি ফ্লাইট পরিচালনা করতে পারবে। আশা করা হচ্ছে, এ উদ্যোগ কিউবার পর্যটন খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
স্নায়ুযুদ্ধ সময়কালীন দুই সাবেক শত্রু যুক্তরাষ্ট্র-কিউবা নিজেদের মধ্যে কয়েক দশকের বৈরিতার অবসান ঘটাতে চলেছে। আর এ লক্ষ্যে উভয়পক্ষের মধ্যে আলোচনাও চলছে। যার ফলস্বরূপ দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ধারাবাহিকতায় গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিউবায় কার্যক্রম পরিচালনার জন্য ছয়টি উড়োজাহাজ সংস্থাকে লাইসেন্স দেয়ার ঘোষণা দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সেক্রেটারি অ্যান্থনি ফক্স জানান, গত বছর আমাদের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন, কিউবার সাধারণ মানুষের সঙ্গে নতুন করে পথচলা শুরুর এখনই সময়। প্রায় অর্ধশতক পর কিউবায় ফ্লাইট চালুর অনুমোদন দিয়ে আমরা প্রেসিডেন্টের সেই কথা রাখলাম।
উল্লেখ্য, দীর্ঘদিনের অচলাবস্থার পর গত বছর জুলাই থেকে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপিত হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দুদেশের মধ্যে পুনরায় ফ্লাইট চালু করতে উভয় দেশ একমত হয়। যার সূত্র ধরে গত শুক্রবার আমেরিকান এয়ারলাইনস, ফ্রন্টেয়ার এয়ারলাইনস, জেটব্লু, সিলভার এয়ারওয়েজ, সাউথইস্ট ও সান কান্ট্রি এয়ারলাইনসকে কিউবায় ফ্লাইট চালুর অনুমোদন দেয়া হয়েছে।
এ উড়োজাহাজ সংস্থাগুলো নিজ কেন্দ্রস্থল মিয়ামি, ফোর্ট লাউডারডেল, শিকাগো, সেন্ট পল ও ফিলাডেলফিয়া থেকে ফ্লাইট কার্যক্রম পরিচালনা করবে। কিউবার দশটি শহরে এ ফ্লাইট চালু হবে। তবে এখানে দেশটির রাজধানী হাভানা নেই। মার্কিন উড়োজাহাজ সংস্থাগুলো এখানেও ফ্লাইট চালুর অনুমোদন চেয়েছিল কিন্তু তাত্ক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে হাভানায় ফ্লাইট চালুর বিষয়ে এ গ্রীষ্মেই (জুন-সেপ্টেম্বর) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানা গেছে। আর চলতি বছরের বসন্ত থেকেই (সেপ্টেম্বর-ডিসেম্বর) কিউবায় ফ্লাইট চালু করবে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ সংস্থাগুলো।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.