বরিশালে রূপাতলী বাস টার্মিনালের শ্রমিকদের দুই গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে জেলার দুটি বাস টার্মিনাল থেকেই বাস চলাচল বন্ধ রয়েছে।
দ্বন্দ্বের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি (প্রতিপক্ষ শ্রমিক) গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
শ্রমিকরা জানান, বরিশাল জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের দুটি পাল্টপাল্টি কমিটি গঠন করা হয়।
দুটি কমিটিই নিজেদের বৈধ বলে দাবি করে।
এ নিয়ে দুই গ্রুপ শ্রমিক নেতাদের মধ্যে বিভিন্ন সময় ছোটখাট মারামারি ও উত্তেজনা চলে আসছিল।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনাল ভবনের নিচতলায় কাউন্টারের সামনে সুলতান মাহামুদ ও সহিদুল ইসলাম টিটু নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সঙ্গে পরিমল চন্দ্র দাস ও শাহারিয়ার বাবুর নেতৃত্বাধীন কমিটির শ্রমিকদের সংঘর্ষ হয়।
এতে পরিমল ও বাবু গ্রুপের বেশ কয়েকজন আহত হন। এরপরপরই গোটা বাস টার্মিনাল এলাকায় উতেজনা ছড়িয়ে পড়ে এবং বাস চলাচল বন্ধ হয়ে যায়।
