যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ ১৯ মাসের সর্বনিম্নে

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমে ১৯ মাসের সর্বনিম্নে নেমে গেছে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন এক প্রতিবেদনে এ তথ্য জানায় খবর রয়টার্স।

সর্বশেষ সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ ১১ লাখ ব্যারেল কমে যাওয়ার আশঙ্কা করেছিলেন খাতসংশ্লিষ্টরা। কিন্তু মজুদ আশঙ্কাকেও ছাড়িয়ে ৩২ লাখ ব্যারেল কমেছে। মোট মজুদ নেমে এসেছে ৪৩ কোটি ৫৫ লাখ ব্যারেলে। সর্বশেষ সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি বেড়েছে দৈনিক ৩৪ লাখ ব্যারেল। ঊর্ধ্বমুখী রফতানিও মজুদ হ্রাসে ভূমিকা রেখেছে।

যুক্তরাষ্ট্রে  করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা। ঊর্ধ্বমুখী চাহিদা পূরণে দেশীয় মজুদ থেকে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল। ফলে বেশ কয়েক মাস ধরে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ কমছে। যদিও নতুন করে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের পর থেকে দেশটিতে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। ফলে আবারো অপরিশোধিত জ্বালানি তেলের চাহিদা হ্রাস পেতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.