৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

৮৫ মিনিটের জন্য মার্কিন প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। অল্প সময়ের জন্য হলেও প্রথমবারের মতো কোনো নারী হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন কমলা হ্যারিস। প্রেসিডেন্ট বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার কারণে তার দায়িত্ব পালন করেন মার্কিন এ ভাইস প্রেসিডেন্ট।

আজ শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র খবরে এ তথ্য দেয়া হয়। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য পরীক্ষার আগে কমলাকে তার ক্ষমতা হস্তান্তর করেন। এ সময় কমলা হ্যারিস ওয়েস্ট উইংয়ে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে কোলোনোস্কপি করা হয়। এ সময় তাকে চেতনানাশক দেয়া হয়। তার আগে কমলা হ্যারিসের হাতে প্রেসিডেনশিয়াল ক্ষমতা দেন বাইডেন। ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রের সংবিধানে বিশেষ কারণে প্রেসিডেন্টের দায়িত্ব হস্তান্তরের সুযোগ আছে। এবং এটি নিয়মিত কার্যপ্রক্রিয়ার একটি অংশ। এর আগে ২০০২ ও ২০০৭ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে এমন ক্ষমতা হস্তান্তর করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.