মাঝপথে ট্রেন থামিয়ে দই কিনলেন ট্রেন চালক

গত বছর মাঝপথে ট্রেন থামিয়ে ঝালমুড়ি কিনেছিলেন বাংলাদেশের এক চালক। নারায়ণগঞ্জের ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছিল গোটা দেশে।
এবার একই ধরনের ঘটনা দেখা গেলো পাকিস্তানেও।
পার্থক্য শুধু- তাদের চালক ঝালমুড়ি নয়, কিনেছেন দই।
আর তার জন্য অনির্ধারিত জায়গায় ট্রেন থামানোয় সাময়িক বরখাস্ত হতে হয়েছে তাকে।

গত সোমবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে করাচি যাচ্ছিল একটি ট্রেন। কিন্তু মাঝপথে একটি অনির্ধারিত জায়গায় ট্রেনটি থামিয়ে দেন চালক।
কারণ, তাকে দই কিনতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ট্রেনচালকের সহকারী রাস্তার পাশের একটি দোকান থেকে দই কিনে ট্রেনে ফিরে যাচ্ছেন।

 

মাঝপথে ট্রেন থামানোর এ ঘটনায় পাকিস্তান রেলওয়ের নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
পাকিস্তান রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ইজাজ-উল-হাসান শাহ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, আপনি যখন মাঝপথে ট্রেন থামান, তখন সেটি নিরাপত্তা সংকট হয়ে দাঁড়ায়। নিরাপত্তা আমাদের অগ্রাধিকার।
আমরা এমন কিছু সহ্য করতে পারি না, যা নিরাপত্তার বিঘ্ন ঘটায়।

এক বিবৃতিতে দেশটির রেলমন্ত্রী আজম খান স্বাতি সতর্ক করে বলেছেন, তিনি কাউকে ব্যক্তিগত কাজের জন্য জাতীয় সম্পদ ব্যবহার করতে দেবেন না।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.