প্রবাসী অধ্যুষিত অঞ্চল হওয়ায় শাহ আমানত বিমানবন্দরের উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৩ সালের নবেম্বরে এটিকে আন্তর্জাতিক বিমানবন্দরের স্বীকৃতিও দেয় আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)।
ইতোমধ্যে অনেক প্রকল্প নেয়া হয়েছে সরকারীভাবে।
ভবিষ্যতে আরও কিছু প্রকল্প বাস্তবায়িত হলে পাল্টে যাবে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের চিত্র।
কর্মকর্তারা জানিয়েছেন, ২০১৯-২০২০ অর্থবছরে চট্টগ্রাম বিমানবন্দরে সার্ভিল্যান্স রাডার স্থাপন, যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণে ভয়েস কমিউনিকেশন ও কন্ট্রোল সিস্টেম, আন্ডার ভেহিক্যাল স্ক্যানিং মেশিন, মাস্ট লাইট ও ডুয়েল ভিউ স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়েছে।
এর ফলে বিশ্বে বিমানবন্দরটির সেবার পরিধি যেমন বেড়েছে, তেমনিভাবে লেগেছে আধুনিকতার ছোঁয়া।
দেশের প্রায় ২১ শতাংশের কাছাকাছি বিমান যাত্রী এই বিমানবন্দর ব্যবহার করে।
প্রায় ৮১ বছরে পা দেয়া বিমান বন্দরটিতে সুযোগ-সুবিধা ক্রমেই বাড়ছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ভবিষ্যতে এর পরিধি বৃদ্ধি করতে রানওয়ে সম্প্রসারণ, এপ্রোন সম্প্রসারণ, বিমানবন্দরের প্যারালাল টেক্সিওয়ে নির্মাণ, নতুন কার্গো হাউস নির্মাণ এবং এর মাধ্যমে আধুনিক কার্গো ভিলেজ সংস্থাপন ও কার্গো হাউস সম্প্রসারণ ও অটোমেশন করা হবে।
এছাড়া জমি অধিগ্রহণ করে বিমানবন্দরের পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এর বাইরে নতুন ইমারজেন্সি অপারেশন সেন্টার নির্মাণ এবং নতুন অভ্যন্তরীণ টার্মিনাল নির্মাণ ও দুইটি বোর্ডিং ব্রিজ স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।