পাকিস্তান সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বিশেষ অধিবেশনে যোগ দিতে পাকিস্তানে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আফগানিস্তান পরিস্থিতি নিয়ে ১৮ ও ১৯ ডিসেম্বর পাকিস্তানে ওআইসির পক্ষ থেকে বিশেষ অধিবেশন শুরু হবে।
এতে অংশ নেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
অধিবেশনে ওআইসি সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নিচ্ছেন।

ওআইসির অনুষ্ঠানের বাইরে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় কোনো বৈঠক নেই বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

গত এক দশকে এটি হবে বাংলাদেশ থেকে পাকিস্তানে মন্ত্রী পর্যায়ের কারও প্রথম সফর।
সর্বশেষ ২০১২ সালে পাকিস্তানে অনুষ্ঠিত ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
এর আগে ২০১০ সালে দ্বিপক্ষীয় পঞ্চম পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে পাকিস্তান যান তৎকালীন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।
যুদ্ধাপরাধ ইস্যু কেন্দ্র করে টানাপোড়েনের ফলে দীর্ঘদিন পাকিস্তানে বাংলাদেশ থেকে উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধি দল সফরে যাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.