জর্জিয়ায় ৬০০ কর্মী নিয়োগ দেবে জিই অ্যাপ্লায়েন্সেস

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় অবস্থিত কারখানার পরিসর বাড়াতে চায় চীনের বিভিন্ন যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান হাইয়ারের বিশেষায়িত ইউনিট জিই অ্যাপ্লায়েন্সেস। এজন্য প্রায় ১২ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে এ কারখানায় নতুন ৬০০ কর্মীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ২০২৪ সালের মধ্যে পরিসর বাড়ানো ও কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর এপি।

প্রতিষ্ঠানটির মুখপাত্র জুলি উড বলেন, বৈদ্যুতিক বিভিন্ন যন্ত্রপাতি ও সামগ্রীর চাহিদা আগের চাইতে অনেক বেড়েছে। বিশেষ করে গ্যাস ওভেন ও বৈদ্যুতিক চুলার চাহিদা এখন বেশি। এসব সামগ্রী মূলত তৈরি হয় ওয়াকার কাউন্টির কারখানায়।

তিনি আরো বলেন, মহামারী চলাকালে প্রচুর মানুষ বাড়িতে বসেই কাজ করছেন। ফলে রান্না-বান্নায় যেমন তাদের আগ্রহ বাড়ছে, তেমনি নতুন নতুন বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করে রান্নাঘরের কাজ সহজও করতে চাইছেন তারা। এসব কারণেই মূলত জিই অ্যাপ্লায়েন্সেসের তৈরি পণ্যের চাহিদা বেড়ে গেছে। ফলে চাহিদার সঙ্গে তাল মেলাতে তাদেরও উৎপাদন বাড়াতে হচ্ছে।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির উৎপাদন শাখার ভাইস প্রেসিডেন্ট বিল গুড জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কারখানাগুলোর পরিসর বৃদ্ধির মাধ্যমে তারা দেশটির ভোক্তাদের আরো কাছে পৌঁছতে চান।

যেহেতু মার্কিন ভোক্তাদের কাছে এসব পণ্যের চাহিদা রয়েছে, তাই দ্রুত সময়ের মধ্যে আরো উন্নত পণ্য তারা ক্রেতার হাতে তুলে দিতে চান।

এরই মধ্যে ৬০০ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং সেসব পদে জনবল নিয়োগ শুরু হয়েছে বলে জানিয়েছে জিই অ্যাপ্লায়েন্সেস। নতুন কর্মীরা শুরুতে ঘণ্টাপ্রতি সাড়ে ১৭ ডলার করে মজুরি পাবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.