পাকিস্তানি তালেবানের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনায় দেশটির চার সেনা নিহত হয়েছেন।
পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, সশস্ত্র গোষ্ঠীটি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এই মাসের শুরুর দিকে যুদ্ধ বিরতি প্রত্যাহারের পর এটাই এখন পর্যন্ত ভয়াবহ হামলা।
শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা আফগানিস্তানের সীমান্ত এলাকায় তালেবানের (পাকিস্তানি তালেবান) সাবেক শক্ত ঘাঁটির দুটি আস্তানায় অভিযান চালায়।
প্রথম অভিযানটি পরিচালনা করা হয় উত্তর-পশ্চিমের ট্যাঙ্ক জেলায়।
অন্য অভিযানটি উত্তর ওয়াজিরিস্তান জেলায় চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর সদস্যরা উত্তর ওয়াজিরিস্তানের মীর আলি শহরের সন্দেহভাজন আস্তানায় অভিযান চালাচ্ছিল।
এরপর দুই পক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময় হয়।
দুই অভিযানেই সেনা সদস্যরা নিহত হন।
তবে ওয়াজিরিস্তান থেকে একজনকে গুলি ও অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।