আকাশ রক্ষার স্বপ্ন যাঁদের

akasসম্প্রতি বাংলাদেশ বিমানবাহিনী অফিসার ক্যাডেটে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের সুযোগ পাচ্ছেন নারী-পুরুষ সবাই। শুরু হয়ে গেছে আবেদনের প্রক্রিয়া। আবেদনের যোগ্যতা
বিমানবাহিনীতে চারটি পদে লোকবল নিয়োগ করা হবে। এগুলো হলো লজিস্টিক, ইঞ্জিনিয়ারিং, এয়ার ট্রাফিক কন্ট্রোলার (এটিসি) ও লিগ্যাল। লজিস্টিক অফিসার পদে আবেদনের জন্য আবেদনকারীকে স্নাতক শ্রেণিতে কমপক্ষে দ্বিতীয় বিভাগধারী অথবা ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে। অগ্রাধিকার পাবে পদার্থবিজ্ঞান ও গণিতের প্রার্থীরা। ইঞ্জিনিয়ারিংয়ের জন্য ইঞ্জিনিয়ারিং কলেজ অথবা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল, অ্যারোনটিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, টেলিকমিউনিকেশন, কেমিক্যাল, ম্যাটেরিয়াল ও মেটালরজিক্যাল, কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি বিষয়গুলোতে বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগধারী অথবা ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে। লিগ্যাল অফিসার বা আইন কর্মকর্তা হিসেবে আবেদনের জন্য এলএলবি, এলএলএম বা আইন বিষয়ে উচ্চতর ডিগ্রিধারী হতে হবে এবং শিক্ষার সব স্তরে কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা ন্যূনতম জিপিএ ২.৭৫ থাকতে হবে। তবে বাংলাদেশের যেকোনো আদালতে অনুশীলন করা আইনজীবীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। এটিসির ক্ষেত্রে বিএসসিতে গণিত, পদার্থবিজ্ঞানসহ অন্যতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৭৫ থাকতে হবে। তবে আইসিএতে ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) স্বীকৃত যেকোনো প্রতিষ্ঠান থেকে এটিসি রেটিং, লাইসেন্স (অ্যারোড্রম ও অ্যাপ্রোচ কন্ট্রোল) ধারী প্রার্থীদের বিশেষভাবে বিবেচনা করা হবে। আবেদন করতে পারবেন স্নাতক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরাও। সে ক্ষেত্রে পরীক্ষায় প্রয়োজনীয় যোগ্যতা অনুযায়ী উত্তীর্ণ হওয়ার সপক্ষে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক নিশ্চয়তার সনদ দাখিল করতে হবে।

সর্বোচ্চ ৩০ বছর বয়স (আগামী ১ জুন ২০১৫ অনুসারে) পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ৬৪ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা লাগবে ৬২ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। আবেদন করতে পারবেন বিবাহিত ও অবিবাহিত সবাই।

আবেদনের প্রক্রিয়া
বিমানবাহিনীতে অফিসার ক্যাডেট পদে অনলাইন বা সরাসরি ফরম পূরণ করে আবেদন করা যাবে। সরাসরি আবেদনের জন্য প্রার্থীকে সেন্ট্রাল নন-পাবলিক ফান্ড, বিএএফের অনুকূলে টিবিএল, সোনালী, জনতা, অগ্রণী, রূপালী ব্যাংক শাখায় সকাল ৮টা থেকে বেলা ২টার মধ্যে পরীক্ষা চলাকালীন ৬০০ টাকার মেশিন রিডেবল ব্যাংক ড্রাফট জমা দিয়ে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আবেদনকারীকে www.joinbangladeshairforce.mil.bd ওয়েবসাইটে লগইন করে নির্দেশনা অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনপত্রের মূল্য ৬০০ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে অথবা গ্রামীণ, রবি, বাংলালিংক ও এয়ারটেলের গ্রাহকেরা তাঁদের ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে বিএএফের বিকাশ অ্যাকাউন্ট ০১৭৬৯৯৯০২৮৯ নম্বরে পরিশোধ করতে পারবেন। আবেদনপত্রের নির্ধারিত অংশ অনলাইনে পূরণের পর বাকি অংশ স্বহস্তে পূরণ করে প্রাথমিক লিখিত পরীক্ষার সময়ে জমা দিতে হবে। উভয় ক্ষেত্রেই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্তি হিসেবে জমা দিতে হবে।

নির্বাচনের প্রক্রিয়া ও প্রশিক্ষণ
আবেদনকারীদের মধ্য থেকে ইংরেজি ও সাধারণ জ্ঞানের ওপরে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পর্যায়ক্রমে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা, প্রাথমিক মৌখিক পরীক্ষা, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ (আইএসএসবি), কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদ (সিএমপি) এবং ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ (সিএফ এসবি) ও পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে প্রার্থী বাছাই করা হবে। চূড়ান্তভাবে বাছাই করা প্রার্থীদের বাংলাদেশ বিমানবাহিনী একাডেমিতে সফলভাবে ছয় মাসের প্রশিক্ষণ শেষে ‘ফ্লাইট অফিসার’ হিসেবে নিয়মিত কমিশন দেওয়া হবে।

সুযোগ-সুবিধা ও পদোন্নতি
চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন, বিদেশে প্রশিক্ষণ, সরকারি খরচে উচ্চশিক্ষা, বাসস্থান, চিকিৎসা খরচ, সন্তানদের পড়ালেখার খরচ, রেশন, এককালীন মঞ্জুরি সুবিধা ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন। রয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাসসমূহে কাজের সুযোগ।

আবেদনসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ
বাংলাদেশ বিমানবাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র
পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫
ফোন: ৮৭৫৩৪২০-২৫, ৮৭৫৪৮৩০-৩৪

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.