নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
রোববার দুপুর ১টায় সদর উপজেলার ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার জজ মিয়ার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধদের মধ্যে সাতজন নারী, একজন শিশু ও দুইজন পুরুষ রয়েছেন।
বাড়ির মালিক দগ্ধ জজ মিয়ার ছেলে প্রত্যক্ষদর্শী সিয়াম জানান, পাশের বাড়ির ট্রাক মালিক আবদুল বাতেন তার গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার রিপেয়ারিং করার জন্য খালি করতে জজ মিয়ার বাড়ির গলিতে নিয়ে গ্যাস ছেড়ে দেন।
এ সময় অন্য একটি ট্রাকের চালক আলম মিয়া কাছে এসে সিগারেটে আগুন ধরালে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ হয়।
চারদিকে আগুন ছড়িয়ে পড়ে দগ্ধ হন কয়েকটি পরিবারের নারী ও শিশুসহ দশজন মানুষ।
একই সঙ্গে মিয়া বাড়ির গ্যাস লাইনের রাইজারেও আগুন ধরে যায়।
খবর পেয়ে স্থানীয়রা এসে আগুন নিভিয়ে দগ্ধদের হাসপাতালে ভর্তি করে।
পরে ফায়ার সার্ভিসের ফতুল্লা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তদন্ত কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
