নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ৫০ হাজার রুপি জরিমানা করেছে দেশটির নির্বাচন কমিশন।
বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে পাকিস্তানি দৈনিক দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
খবরে বলা হয়েছে, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার-পাখতুনখাওয়ায় স্থানীয় সরকার নির্বাচনের আগে সোয়াতে একটি সমাবেশে ভাষণ দেওয়ায় ইমরান খানকে এ জরিমানা করা হয়।
এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি) তাকে দুবার নোটিশ দিয়েছিল।
গত ১৫ মার্চ ইসিপির এক আদেশে ইমরান খানকে সোয়াত সফরে যেতে নিষেধ করা হয়। কিন্তু তিনি সে নিষেধ মানেননি।
এরপর গত ২১ মার্চ খাইবার-পাখতুনখাওয়ার মালাকান্দ এলাকায় একটি রাজনৈতিক সমাবেশে ভাষণ দেওয়ায় তাকে আরও একটি নোটিশ দিয়েছিল ইসিপি।
ইসিপির নতুন আচরণবিধি অনুযায়ী, যেসব জেলায় নির্বাচন হচ্ছে সেখানে কোনো সরকারি কর্মকর্তা যেতে পারবেন না।