আর্জেন্টিনা-ফ্রান্স শিরোপার লড়াইয়ের মধ্যে ছিল গোল্ডেন বল ও গোল্ডেন বুট জয়ের লড়াই।
ফাইনালের আগে সমান ৫টি করে গোল করে গোল্ডেন বুটের দৌড়ে আর প্রতিটি ম্যাচে অবদান রেখে টুর্নামেন্ট সেরার পুরস্কর গোল্ডেন বলের দৌড়ে সমানতালে লড়ছিলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পে।
এ রোমাঞ্চকর লড়াইয়ে একটি পুরস্কার জিতলেন মেসি, অন্যটি গেছে এমবাপ্পের শোকেসে।
মেসি পেয়েছেন সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল, আর এমবাপ্পে জিতেছেন গোল্ডেন বুট।
মেসি চলতি আসরে সাত গোল করেন। এর মধ্যে গতকাল ফাইনালেই করেন জোড়া গোল। কাতারে সাত ম্যাচে করেছেন সাত গোল।
প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোলের অনন্য কীর্তি গড়া মেসকে সেরা খেলোয়াড় হিসেবে বেছে নিতে কোনো অসুবিধা হয়নি জুরি বোর্ডের।
যদিও মেসিকে দুর্দান্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন এমবাপ্পে। তিনি ফাইনালে হ্যাটট্রিকসহ করেন আট গোল। ৯০ মিনিটের মধ্যে দুটি ও অতিরিক্ত সময়ে একটি গোল করেন এমবাপ্পে।
এছাড়া টাইব্রেকারেও স্পট কিক থেকে তিনি গোল করেন।
ফ্রান্স চ্যাম্পিয়ন হলে হয়তো এমবাপ্পেই হতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।
তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সেরা খেলোয়াড়ের সিলভার বল জিতছেন, আর ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মডরিচ জিতেছেন ব্রোঞ্জ বল, যিনি গতবার জিতেছিলেন গোল্ডেন বল।
গোল্ডেন বল না পেলেও আট গোল করে এবারের আসরে গোল্ডেন বুট জিতে নিয়েছেন এমবাপ্পে।
তার থেকে একটি গোল কম নিয়ে মেসি পান সিলভার বুট।
ফরাসি স্ট্রাইকার অলিভিয়ার জিরু ছয় ম্যাচে চার গোল করে জিতেছেন ব্রোঞ্জ বুট।
আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ জিতেছেন সেরা গোলকিপারের গোল্ডেন গ্লাভস পুরস্কার, টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্জেন্টিনার ২১ বছর বয়সী মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তিনি চলতি আসরে সাতটি ম্যাচই খেলেছেন। ইংল্যান্ড জিতেছে ফেয়ার প্লে ট্রফি।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা পেয়েছে ৪ কোটি ২০ লাখ ডলার প্রাইজমানি, আর রানার্সআপ ফ্রান্স পেয়েছে ৩ কোটি ডলার।
টুর্নামেন্টের মোট প্রাইজমানি ৪৪ কোটি ডলার। ২০১৮ সালে প্রাইজমানি ছিল ৪০ কোটি ডলার।
