রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ২০

রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এর মধ্যে ঘটনাস্থলেই দুজন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ২০ জন।

 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আলমপুর দোয়ানীপাড়া মৌজার সরকার এলপিজি পাম্পের সামনে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে দুজনের পরিচয় মিলেছে। এরা হলেন দিনাজপুর জেলার চিরিরবন্দর রানিপুর গ্রামের কালাম হোসেন (৪০) ও পার্বতীপুরের সোনাপুকুর বানিয়াপাড়ার মুসলিম মিয়া (৩৮)।

এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া জানিয়েছে, শেষকৃত্যের জন্য এই অর্থ দেয়া হবে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নীলফামারীর সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী তৃপ্তি পরিবহন সঙ্গে সাইমন পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। আহত কয়েকজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত অন্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ।

 

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেছে হাইওয়ে পুলিশ। তবে বাসের চালক ও হেলপাররা পালিয়ে গিয়েছেন।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.