সেন্টমার্টিনের জাহাজে চবির ১০ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে পেটানোর অভিযোগ উঠেছে বেক্রুজ-১ জাহাজের স্টাফদের বিরুদ্ধে। মাঝ সাগরের ও পরে দমদমিয়া ঘাটে পৌঁছার পর হামলার শিকার হন শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার বিকেলে সেন্টমার্টিন থেকে টেকনাফে দমদমিয়া ঘাটে পৌঁছলে এ ঘটনা ঘটে। আহতরা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হৃদয় সাহা জানান, মঙ্গলবার সেন্টমার্টিন থেকে বেক্রুজ-১-এ করে ফিরছিলেন চবির ৭৫ শিক্ষার্থী। মাঝপথে এসে নির্ধারিত আসন থেকে তুলে দেন জাহাজের স্টাফরা। তুলে দেওয়ার কারণ জানতে চাইলে মারধর শুরু করেন স্টাফ ও যাত্রী বেশে ওঠা তাদের বন্ধুরা। জাহাজ দমদমিয়া ঘাটে পৌঁছানোর পর আরেক দফা মারধর শুরু করেন। এতে ১০ শিক্ষার্থী আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, “ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

এ বিষয়ে জানতে চাইলে বেক্রুজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর দাবি করেন, শিক্ষার্থীরা উল্টো তার স্টাফদের ওপর হামলা করেছে। আসনে বসা নিয়ে বাড়াবাড়ি থেকে তারা ঘটনাটা বড় করেছে। তার কোনো স্টাফ হামলা করেনি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.