রানা প্লাজার মালিকের জামিন স্থগিত

প্রায় এক দশক আগে সাভারের রানা প্লাজা ধসে হতাহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ভবন মালিক সোহেল রানাকে দেওয়া হাইকোর্টের জামিন ৮ মে পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার জজ আদালত। ওই দিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে।

রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি আবু জাফর সিদ্দিকী তাঁর জামিন স্থগিত করেন।

এর আগে রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল হাইকোর্ট সোহেল রানাকে জামিন দেন। পরে ওই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

 ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন। গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন ১ হাজার ১৬৯ জন। ভারতে পালিয়ে যাওয়ার সময় একই বছরের ২৯ এপ্রিল বেনাপোল থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে র‍্যাব। এর পর থেকে তিনি কারাগারে।

এ ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত হত্যা মামলাটি করে পুলিশ। ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের অভিযোগে একটি মামলা করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আর দুর্নীতি দমন কমিশন (দুদক) ভবন নির্মাণসংক্রান্ত দুর্নীতি নিয়ে আরেকটি মামলা করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.