চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাস ও অটোরিকশার সংঘর্ষে পাঁচজনের প্রাণ গেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান সড়কের রায়খালী সেতুর কাছে এরিনা কম্পোজিট অ্যান্ড স্পিনিং ইন্ড্রাট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন সুমন জানান।

নিহতরা হলেন- বাবুল দে (৬০), মো. সেলিম (৪৫), অঞ্জনা বেগম (৪০), মো. করিম (৫৪) ও আবুল ফয়েজ (২৪)। তারা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

পরিদর্শক মহিউদ্দিন সুমন বলেন, চট্টগ্রামের কালুরঘাটের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। পথে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে সেটি দুমড়ে মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।

“অটো রিকশায় পাঁচজন যাত্রী এবং চালকসহ ছয়জন ছিলেন। সংঘর্ষে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। অটো চালকসহ দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, হাসপাতালে দুই জনকে নেওয়া হয়। চিকিৎসক আবুল ফয়েজকে মৃত ঘোষণা করেন। আহত জনিকে পরিবারের সদস্যরা বেসরকারি একটি হাসপাতালে নিয়ে গেছেন।

আলাউদ্দিন তালুকদার জানান, আবুল ফয়েজ একজন রোহিঙ্গা। তিনি উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে নিবন্ধিত। পটিয়ায় এক ব্যক্তির দোকানে কাজ করতেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যে বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে, সেটি নেত্রকোণা থেকে বুধবার বোয়ালখালী উপজেলায় হাওলা দরবার শরীফের ওরশে এসেছিল। কালুরঘাট সেতু দিয়ে বড় যান চলাচল বন্ধ থাকায় সেটি পটিয়া হয়ে শাহ আমানত সেতু দিয়ে চট্টগ্রাম শহরে দিকে যাচ্ছিল। রায়খালী সেতু মোড়ে পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর বাস চালক জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পরিদর্শক সুমন। গ্রেপ্তার জাকিরের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.